রংপুরে মিঠাপুকুরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বাসের বেশ কয়েকজন যাত্রী।
বুধবার (২৮ অক্টোবর) সকাল ৬টার দিকে উপজেলার বৈরাগীগঞ্জ এলাকার ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতের নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী জানান, ফজরের নামাজের পর বৈরাগীগঞ্জ শাহ আমানত পেট্রোল পাম্পের উল্টো দিকের মাজার মসজিদের সামনে মাটিভর্তি একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। সকাল ৬টার দিকে ঢাকা থেকে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীগামী খান এন্টারপ্রাইজ নামে একটি বাস ট্রাকটির পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজন মারা যান। পরে পুলিশ, ফায়ার সার্ভিস ও এলাকাবাসীর যৌথ সহযোগিতায় বাস থেকে আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে আরও দুজন মারা গেছেন।
বড়দরগা হাইওয়ে থানার ওসি মোয়াজ্জেম উদ্দিন বলেন, ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটে। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের নাম পরিচয় এখনো পাওয়া যায়নি।
তিনি আরও বলেন, দুর্ঘটনায় সড়কে যানচলাচল বিঘ্ন ঘটলেও আধা ঘণ্টা পরই স্বাভাবিক করা হয়েছে। আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।



