Logo
Logo
×

সারাদেশ

কুড়িগ্রামে ট্রাকচাপায় ৫ নিহতের ঘটনায় চালক গ্রেপ্তার

Icon

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ০৫:০১ পিএম

কুড়িগ্রামে ট্রাকচাপায় ৫ নিহতের ঘটনায় চালক গ্রেপ্তার

কুড়িগ্রামের রৌমারীতে ধানবোঝাই ট্রাকের চাপায় ব্যাটারিচালিত অটোরিকশার পাঁচ যাত্রী নিহতের ঘটনায় পলাতক ট্রাকচালক মো. লুৎফর শেখকে পাবনা থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

রোববার (২৫ অক্টোবর) রাতে রৌমারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওছার আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে শনিবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে পাবনার আতাইকুলা থানার বনগ্রাম এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসআরবি-১৪, সিপিসি-১, জামালপুর ও এসআরবি-১২, সিপিসি-২, পাবনার একটি দল এ অভিযান পরিচালনা করে।

এসআরবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৭ অক্টোবর দুপুর পৌনে ২টার দিকে রৌমারী উপজেলার শি‌বেরভাঙ্গি এলাকায় বকশীগঞ্জ-রৌমারী পাকা সড়কে দুর্ঘটনাটি ঘটে। রৌমারীগামী ধানবোঝাই একটি ট্রাক একটি যাত্রীবাহী ব্যাটারিচালিত অটোকে চাপা দেয়। এতে অটোর পাঁচ যাত্রী নজরুল ইসলাম (৫০), শরিফা খাতুন (৫০), লিপি আক্তার (৪৫), শিশু রিশাদ (১০) ও তুবা আক্তার (৮) নিহত হয়। এ ঘটনায় বৃষ্টি খাতুন (২৫) নামে আরও এক যাত্রী গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর ট্রাকচালক লুৎফর শেখ পালিয়ে আত্মগোপনে যান। পরে গোয়েন্দা নজরদারি ও যৌথ অভিযানের মাধ্যমে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় চর রাজিবপুরের বাসিন্দা সুরমান আলী (৬৫) বাদী হয়ে ১৮ অক্টোবর রৌমারী থানায় মামলা করেন।

গ্রেপ্তার লুৎফর শেখকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওছার আলী ব‌লেন, দুর্ঘটনার পর‌দিন এক‌টি মামলা ন‌থিভুক্ত করা হয়। এ ঘটনা আরও কা‌রও সম্পৃক্ততা পাওয়া গে‌লে তা‌কেও গ্রেপ্তারের চেষ্টা চল‌ছে। ট্রাকচালক‌কে সোমবার দুপুরে কু‌ড়িগ্রাম আদালতে হাজির করা হ‌বে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন