চকরিয়ায় বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ২
কক্সবাজার প্রতিবেদক
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ০৫:০৪ পিএম
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের নয়াপাড়া সবুজ পাহাড় এলাকায় শ্যামলী পরিবহনের বাস ও সবজিবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মহাসড়কের সবুজ পাহাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে পিকআপে থাকা আবদুল্লাহ ও মো. ইয়াছিন নামে দুজন নিহত হন।
নিহত আবদুল্লাহ কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ফুলের ডেইল এলাকার আবুল কালামের ছেলে। অপর নিহত মো. ইয়াছিন মাতামুহুরী উপজেলার সাহারবিল রামপুর এলাকার মো. দুলালের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকাগামী শ্যামলী এনআর পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে চকরিয়া থেকে কক্সবাজারগামী সবজিবাহী পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হয়। খবর পেয়ে মালুমঘাট হাইওয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় দুজনের মরদেহ উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
মালুমঘাট হাইওয়ে থানার ইনচার্জ (উপপরিদর্শক/ এসআই) মোঃ সেলিম মিয়া বলেন, প্রাথমিক সুরতহালে নিহত দুজনের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া যায়। এ ঘটনায় আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন বলে জানান তিনি।



