Logo
Logo
×

সারাদেশ

সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইউপিডিএফের গোলাগুলি

Icon

যুগের চিন্তা ২৪ অনলাইন

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ০৪:৪০ পিএম

সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইউপিডিএফের গোলাগুলি

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে সড়ক অবরোধকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে ইউপিডিএফের সশস্ত্র সদস্যদের গোলাগুলির ঘটনাও ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত সাজেকের বাঘাইহাট এলাকার উজোবাজারে এ ঘটনা ঘটে। এর আগে সকাল থেকে সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কারবারি অ্যাসোসিয়েশনের ডাকা অনির্দিষ্টকালের সড়ক অবরোধ কর্মসূচি চলছিল।

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন জানান, বাঘাইহাট উজোবাজার এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর ওপর ইটপাটকেল নিক্ষেপের একপর্যায়ে সশস্ত্র ব্যক্তিরা গুলি চালায়। পরে আত্মরক্ষার্থে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পাল্টা গুলি ছোড়ে। কয়েক দফা গোলাগুলির পর হামলাকারীরা পিছু হটে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।

এদিকে অবরোধের কারণে সাজেকে অবস্থানরত প্রায় ৩ হাজার পর্যটক আটকা পড়েন। পরে সেনাবাহিনী ও পুলিশের নিরাপত্তা ব্যবস্থার মধ্যে তাদের খাগড়াছড়ির দিকে সরিয়ে নেওয়া হয়।

স্থানীয় সূত্র জানায়, সকাল থেকে অবরোধকারীরা বাঘাইছড়ি-সাজেক সড়কের বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে এবং টায়ার জ্বালিয়ে পিকেটিং করে। একপর্যায়ে নিরাপত্তা বাহিনীর পাহারায় সাজেক থেকে খাগড়াছড়ির উদ্দেশে রওনা হওয়া পর্যটকবাহী যানবাহন উজোবাজার এলাকায় আটকে দেওয়া হলে উত্তেজনা তৈরি হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে। এরপর সকাল সাড়ে ৮টার দিকে যৌথবাহিনীর নিরাপত্তায় সাজেকে অবস্থানরত ২ হাজার ৯৩৩ পর্যটককে খাগড়াছড়ির উদ্দেশে পাঠানো হয়।

সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কারবারি অ্যাসোসিয়েশন এলাকায় নিরাপত্তা জোরদার এবং চিহ্নিত সশস্ত্র সদস্যদের অপসারণসহ তিন দফা দাবিতে এই অবরোধ কর্মসূচি পালন করছে। এর আগে একই দাবিতে অক্টোবর মাসে দুবার অবরোধ কর্মসূচি ঘোষণা করা হলেও প্রশাসনের আশ্বাস এবং দুর্গাপূজার কারণে তা স্থগিত করা হয়েছিল।

উদ্ভূত পরিস্থিতিতে রাঙামাটি জেলা প্রশাসন জরুরি গণবিজ্ঞপ্তি জারি করে সাজেক ভ্যালি পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। একই সঙ্গে পর্যটকদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্রমণ থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

পুলিশ জানিয়েছে, এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন