আখচাষিদের জন্য ১২ কোটি টাকার প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী
যুগের চিন্তা ২৪ অনলাইন
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ০৫:২৬ পিএম
রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় অংশ নিয়ে আখচাষিদের জন্য কৃষি প্রণোদনা বিতরণ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ কর্মসূচির আওতায় ৩৮ হাজার ৯৭০ জন আখচাষির জন্য ১২ কোটি ২৩ লাখ ৭৫ হাজার টাকা বরাদ্দের ঘোষণা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে জনসভায় উপস্থিত থেকে প্রধানমন্ত্রী ডিজিটাল বোতাম চেপে আনুষ্ঠানিকভাবে প্রণোদনার অর্থ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। উদ্বোধনের সময় তিনি ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ উচ্চারণ করলে মাঠে উপস্থিত হাজারো মানুষও সমস্বরে ‘বিসমিল্লাহ’ বলেন।
বিকেল ৩টা ২৫ মিনিটে জনসভাস্থলে পৌঁছালে বিএনপির নেতাকর্মী ও সমর্থকেরা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।
জনসভামঞ্চে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, রাজশাহী অঞ্চলের বিভিন্ন সংসদ সদস্য এবং কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
এর আগে দুপুর ২টা ৫৫ মিনিটে সামরিক বিমানে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। বিমানবন্দর থেকে জনসভাস্থলে যাওয়ার পথে সড়কের দুই পাশে অবস্থান নেওয়া মানুষ তাকে শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রীও হাত নেড়ে তাদের অভিবাদনের জবাব দেন।
জনসভা শেষে রাজশাহীর ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তার।
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে দেশব্যাপী সফরের অংশ হিসেবে এর আগে প্রধানমন্ত্রী রংপুরের রাধাগোবিন্দ মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং পূজার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। রাজশাহীর কর্মসূচি শেষে তার চট্টগ্রামে যাওয়ার কথা রয়েছে।



