শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন এবং জনসভায় অংশ নিতে রাজশাহীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর ২টা ৫৫ মিনিটে তিনি রাজশাহীর হযরত শাহ মখদুম বিমানবন্দরে অবতরণ করেন। এর আগে নীলফামারীর সৈয়দপুর থেকে দুপুর ২টা ২০ মিনিটে একটি সামরিক বিমানে রাজশাহীর উদ্দেশে রওনা হন তিনি।
প্রধানমন্ত্রীর সঙ্গে সফরসঙ্গী হিসেবে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ, বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, বিএনপির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন মৃধাসহ সরকারের ও দলের ঊর্ধ্বতন নেতারা।
বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট, বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী, রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ, মহানগর পুলিশ কমিশনার ফয়জুল কবির, জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম ও পুলিশ সুপার মো. মামুন অর রশিদ।
বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রী সরাসরি নগরীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় যোগ দেওয়ার জন্য রওনা হন।
জনসভা শেষে রাজশাহীর ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়েরও কর্মসূচি রয়েছে তার।
এর আগে সকালে ঢাকার তেজগাঁও বিমানবন্দর থেকে সৈয়দপুরে পৌঁছে রংপুর সফরে অংশ নেন প্রধানমন্ত্রী। সৈয়দপুর থেকে রংপুর যাওয়ার পথে তারাগঞ্জ ও পাগলাপীরে দুটি পথসভায় বক্তব্য দেন তিনি। পরে রংপুরের রাধাগোবিন্দ মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করে পূজার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
রাজশাহীর কর্মসূচি শেষ করে প্রধানমন্ত্রী চট্টগ্রামের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে। সেখানে পূজামণ্ডপ পরিদর্শন শেষে রাতেই ঢাকায় ফেরার সূচি রয়েছে।



