সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়েই সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী
যুগের চিন্তা ২৪ অনলাইন
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ০১:১৭ পিএম
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টানসহ সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চায় সরকার।
মঙ্গলবার (২০ অক্টোবর) শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শনে রংপুর যাওয়ার পথে পাগলাপীর এলাকায় সড়কের দুই পাশে সমবেত মানুষের উদ্দেশে দেওয়া সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ সবার দেশ। দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। জাতীয় ঐক্য ও সম্প্রীতির মধ্য দিয়েই একটি উন্নত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
তিনি বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে দেশের জনগণ বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে। সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই সাধারণ ও খেটে খাওয়া মানুষের জীবনমান উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে।
তারেক রহমান জানান, ক্ষুদ্র কৃষকদের জন্য ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হয়েছে। পাশাপাশি ফ্যামিলি কার্ড চালুর পাশাপাশি কৃষকদের জন্য পৃথক কৃষক কার্ড চালুর উদ্যোগও নেওয়া হয়েছে।
ধর্মীয় নেতাদের জন্য ভাতা চালুর বিষয়টি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ইমাম, মুয়াজ্জিনসহ বিভিন্ন ধর্মের ধর্মীয় ব্যক্তিদের জন্য মাসিক ভাতার ব্যবস্থা করা হয়েছে। সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কল্যাণে সরকার কাজ করে যাচ্ছে।
বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে সব ধর্মের মানুষের অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, স্বাধীনতার মতো দেশ গড়ার কাজেও সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।
সমবেত জনতার উদ্দেশে প্রধানমন্ত্রী প্রশ্ন রাখেন, “আমরা সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই, আপনারা কি আমার সঙ্গে আছেন?” এ সময় উপস্থিত জনতা হাত তুলে সমর্থন জানান।
তিনি বলেন, পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সম্প্রীতির ভিত্তিতে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে বাংলাদেশকে আরও সুন্দর ও সমৃদ্ধ দেশে পরিণত করতে হবে।
এর আগে সকালে সামরিক বিমানে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। পরে রংপুরের রাধা গোবিন্দ মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন ও পূজার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের কর্মসূচিতে অংশ নেন। একই দিনে রাজশাহী ও চট্টগ্রামের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনেরও সূচি রয়েছে তার।



