পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটালেন প্রধানমন্ত্রী
যুগের চিন্তা ২৪ অনলাইন
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ১২:৪২ পিএম
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রংপুরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে যাওয়ার পথে নীলফামারীর সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের শিক্ষার্থীদের সঙ্গে আন্তরিক সময় কাটিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তোলেন এবং ফুটবল, ক্রিকেট ব্যাটসহ বিভিন্ন খেলাধুলার সামগ্রী উপহার দেন।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টা ৫০ মিনিটে সামরিক বিমানে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। পরে সড়কপথে রংপুরের উদ্দেশে যাত্রাকালে সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের সামনে শিক্ষার্থীদের অবস্থান করতে দেখে তিনি গাড়ি থামানোর নির্দেশ দেন।
পরে শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। তাদের সঙ্গে ছবি তোলার পাশাপাশি খেলাধুলার বিভিন্ন সামগ্রী উপহার হিসেবে তুলে দেন। প্রধানমন্ত্রীর এমন আকস্মিক উপস্থিতিতে শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাস দেখা দেয়।
সফরসূচি অনুযায়ী, রংপুরে ধর্মসভা (রাধা গোবিন্দ) মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন শেষে সৈয়দপুর বিমানবন্দরে ফিরে যান প্রধানমন্ত্রী। সেখান থেকে তিনি বিমানে রাজশাহীর উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।
রাজশাহীতে পৌঁছে হযরত শাহ মখদুম (রহ.) বিমানবন্দর থেকে ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করবেন তিনি। পরে রাজশাহী সার্কিট হাউসে সংক্ষিপ্ত বিরতির পর নগরীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে একটি জনসভায় ভাষণ দেওয়ার কর্মসূচি রয়েছে।
এদিন রাজশাহী সফর শেষে প্রধানমন্ত্রী চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। সেখানে রহমতগঞ্জের জেএম সেন হলের পূজামণ্ডপ পরিদর্শনের পর চট্টগ্রাম সার্কিট হাউসে কিছু সময় অবস্থান করবেন। সফর শেষে রাতে ঢাকায় ফেরার কথা রয়েছে তার।



