মানুষের পাশে দাঁড়াতে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান কায়সার কামালের
কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ০৪:৩৮ পিএম
সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসাসেবায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেছেন, সরকারের একার পক্ষে সব মানুষের প্রয়োজন পূরণ করা সম্ভব নয়। এ ক্ষেত্রে সামাজিক ও ব্যক্তিগত উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সোমবার (১৯ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে নেত্রকোনার কলমাকান্দা সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত বিনা মূল্যে চক্ষু চিকিৎসা শিবির পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
কায়সার কামাল বলেন, এ ধরনের স্বাস্থ্যসেবা কার্যক্রম নির্বাচনের সঙ্গে সম্পর্কিত নয়। মানুষের জন্য কাজ করা নৈতিক দায়িত্ব। তাঁরা কথায় নয়, কাজে বিশ্বাস করেন।
তিনি জানান, গত দুই বছর ধরে এ কার্যক্রম চালানো হচ্ছে। এবার তৃতীয় বছরের মতো এ উদ্যোগ নেওয়া হয়েছে। কলমাকান্দার পাশাপাশি দুর্গাপুর, নাজিরপুর, লেংগুরা ও গাওকান্দিয়াসহ বিভিন্ন এলাকায় চক্ষু শিবিরের আয়োজন করা হচ্ছে।
গত বছরের কার্যক্রমের তথ্য তুলে ধরে ডেপুটি স্পিকার বলেন, কলমাকান্দা ও দুর্গাপুরে প্রায় সাড়ে ছয় হাজার মানুষকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছিল। তাঁদের মধ্যে প্রায় দুই হাজার রোগীর চোখের ছানি অস্ত্রোপচার বিনা মূল্যে করা হয়।
এবারও যেসব রোগীর ছানি অস্ত্রোপচার প্রয়োজন হবে, তাঁদের তালিকাভুক্ত করা হচ্ছে। পরে তাঁদের কলমাকান্দা থেকে ময়মনসিংহে নিয়ে অস্ত্রোপচারের ব্যবস্থা করা হবে। সেখানে দুই থেকে তিন দিন রেখে অস্ত্রোপচার শেষে তাঁদের বাড়িতে পৌঁছে দেওয়া হবে। যাতায়াত, থাকা-খাওয়া ও চিকিৎসার সব খরচ আয়োজকদের ব্যবস্থাপনায় বিনা মূল্যে বহন করা হবে বলে জানান তিনি।
চিকিৎসা নিতে আসা মানুষদের প্রসঙ্গে কায়সার কামাল বলেন, তাঁরা বিভিন্নভাবে বঞ্চিত ও অসহায়। এসব মানুষের পাশে দাঁড়ানো সমাজের প্রত্যেকের দায়িত্ব। ব্যক্তিগত ও সামাজিক উদ্যোগে সদিচ্ছা থাকলে অনেক মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।
তিনি সমাজের বিত্তবানদের নিজ নিজ সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষের চিকিৎসাসেবায় এগিয়ে আসার আহ্বান জানান।
নিজের নির্বাচনী এলাকার মানুষের প্রতি দায়বদ্ধতার কথা উল্লেখ করে কায়সার কামাল বলেন, নির্বাচনের আগে তিনি এলাকার মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবেই এ ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
চক্ষু শিবিরের আয়োজন সুষ্ঠুভাবে পরিচালনায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের ধন্যবাদ জানান ডেপুটি স্পিকার। এ ছাড়া স্বেচ্ছাসেবক ও উপস্থিত সাংবাদিকদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
দিনব্যাপী এ চক্ষু শিবিরে বিভিন্ন বয়সী মানুষ চিকিৎসাসেবা নিতে আসেন। পরীক্ষা-নিরীক্ষার পর যেসব রোগীর অস্ত্রোপচার প্রয়োজন হবে, তাঁদের পরবর্তী চিকিৎসার ব্যবস্থা করা হবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়।



