Logo
Logo
×

সারাদেশ

৮৫ বছরের বৃদ্ধকে পানিতে চুবিয়ে হত্যাচেষ্টা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ১০:৫৪ পিএম

৮৫ বছরের বৃদ্ধকে পানিতে চুবিয়ে হত্যাচেষ্টা

বামে ভোক্তভুগী মোমরেজ মোল্লা ডানে আসামী মোহাম্মদ আলী

বাগেরহাটের মোল্লাহাটে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে মোমরেজ মোল্লা (৮৫) নামের এক বৃদ্ধকে নির্মমভাবে পানিতে চুবিয়ে ও পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার ১৭ অক্টোবর সকাল আনুমানিক ৮টার দিকে উপজেলার আটজুড়ি ইউনিয়নের কামার গ্রামে এই ঘটনা ঘটে। আহত বৃদ্ধ কামার গ্রামের মৃত আঃ আজিজ মোল্লার ছেলে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে বৃদ্ধ মোমরেজ মোল্লা নিজের ঘেরের পাড়ে হাঁটতে যান। এ সময় পূর্ব শত্রুতার জের ধরে একই এলাকার মৃত কালাম মুন্সীর ছেলে সন্ত্রাসী মোহাম্মদ আলী মুন্সী (৪৮) তার ওপর অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে মোমরেজ মোল্লার মাথা পানির নিচে চেপে ধরে শ্বাসরোধ করে মৃত্যু নিশ্চিত করার চেষ্টা করে হামলাকারী।

ঐ সময় দূর থেকে শাকিল মোল্লা (পিতা: অদুদ মোল্লা) ও নোবেল মোল্লা (পিতা: অলিয়ার মোল্লা) নামের দুই যুবক বৃদ্ধের পা নাড়াচাড়া করতে দেখে চিৎকার দেন। তাদের চিৎকার শুনে হামলাকারী মোহাম্মদ আলী মুন্সী ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে শাকিল ও নোবেল দ্রুত ঘটনাস্থলে গিয়ে মোমরেজ মোল্লাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন এবং তাৎক্ষণিকভাবে হাসপাতালে ভর্তি করেন। এই ঘটনায় মোল্লাহাট থানার মামলা দায়ের করা হয়, মামলা নং ১৪।

হাসপাতাল সূত্রে জানা গেছে, মোমরেজ মোল্লার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর চাপা আঘাতের চিহ্ন রয়েছে এবং সন্ত্রাসী মোহাম্মদ আলী মুন্সীর মারধরে তার ডান হাতের কবজি ভেঙে গেছে।

স্থানীয়রা অভিযোগ করেন, মোহাম্মদ আলী মুন্সী ও তার বাহিনীর অত্যাচারে এলাকার একাধিক পরিবার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত ও অতিষ্ঠ। তার ছেলে রায়হান মুন্সী (যিনি এলাকায় 'ক্যাসিনো সম্রাট' হিসেবে পরিচিত) গত সপ্তাহে বাগেরহাট ডিবি পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন। এই সন্ত্রাসী পরিবারের ক্রমাগত জুলুম ও নির্যাতনের কারণে এলাকার নিরীহ মানুষ চরম আতঙ্ক ও হতাশায় দিন কাটাচ্ছেন।

মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাহাদাত হোসেন জানান, "ঘটনাটি সম্পর্কে আমরা অবগত আছি। দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।" এছাড়া মোহাম্মদ আলী মুন্সীর পরিবারের বিরুদ্ধে এলাকায় একাধিক পরিবারকে ক্ষতিগ্রস্ত করার যে অভিযোগ রয়েছে, তদন্ত সাপেক্ষে তাদেরও আইনের আওতায় আনা হবে বলে আশ্বাস দেন তিনি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন