কলমাকান্দায় হাজং ফুটবল টুর্নামেন্টের ফাইনাল, চ্যাম্পিয়ন টঙ্গী একাদশ
কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি:
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ০৮:৪৮ পিএম
হাজং সম্প্রদায়ের মাতৃভাষা সংরক্ষণে ব্যক্তিগত উদ্যোগে একটি বই প্রকাশ করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। শিশুদের মাতৃভাষা শেখানোর ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেছেন, নিজস্ব ভাষা যেন কালের বিবর্তনে সমাজ ও দেশ থেকে হারিয়ে না যায়, সে জন্য সবাইকে উদ্যোগী হতে হবে।
রোববার (১৮ অক্টোবর) বিকেল ৫টায় নেত্রকোনার কলমাকান্দা উপজেলার গোবিন্দপুর উচ্চ বিদ্যালয় মাঠে মঙ্গল সরকার স্মৃতি জাতীয় হাজং ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কায়সার কামাল বলেন, “হাজং সম্প্রদায়ের মাতৃভাষা রক্ষায় আমি ব্যক্তিগতভাবে একটি বই প্রকাশ করেছি। আপনারা যে যার জায়গা থেকে বইটি সংগ্রহ করে আপনাদের শিশু-সন্তানদের পড়তে দেবেন, যাতে কালের বিবর্তনে হাজং ভাষা আমাদের সমাজ ও দেশ থেকে হারিয়ে না যায়।”
তিনি আরও বলেন, “আমরা প্রমিত বাংলায় কথা বলব, কিন্তু নিজস্ব মাতৃভাষা যেন বিলুপ্ত না হয়, সেই জন্যই আমার ব্যক্তিগত উদ্যোগে এই বইটি প্রকাশ করেছি। বইটি হাজং সম্প্রদায়ের মাতৃভাষা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমি চেষ্টা করছি সবার বাড়ি বাড়ি বইটি পৌঁছে দিতে।”
অনুষ্ঠানে মঙ্গল সরকার স্মৃতি জাতীয় হাজং ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলাও অনুষ্ঠিত হয়। এতে টঙ্গী একাদশ ও গিলাগড় একাদশ মুখোমুখি হয়। পেনাল্টিতে জয় পেয়ে টুর্নামেন্টের শিরোপা জেতে টঙ্গী একাদশ।
হাজং স্টুডেন্ট কাউন্সিলের (হাসুক) আয়োজনে গত ১৬ অক্টোবর শুরু হওয়া এ টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশ নেয়। ফাইনাল শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা এন. এম. আবদুল্লাহ আল-মামুন, সহকারী কমিশনার (ভূমি) মো. শামছুজ্জামান আসিফ, কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও লেংগুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাইদুর রহমান ভূঁইয়া, খারনৈ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ওবায়দুল হক, আয়োজক কমিটির সভাপতি তপন হাজং ও সাধারণ সম্পাদক নাঈম হাজংসহ অন্যরা।



