কলমাকান্দায় আন্তর্জাতিক ক্রেডিট ইউনিয়ন দিবস পালিত
কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ০১:২১ পিএম
‘একতাই শক্তি, সমবায় অর্থায়ন: অশান্ত বিশ্বের অবিচল আস্থা’ প্রতিপাদ্যে নেত্রকোনার কলমাকান্দায় ৭৮তম আন্তর্জাতিক ক্রেডিট ইউনিয়ন দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
শনিবার (১৭ অক্টোবর) রামপুর কুবরীকান্দা যুব উন্নয়ন কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের কার্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের পরিচালক পুলক দাস। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জমশেদ আলী ও সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির চেয়ারম্যান মো. নজরুল ইসলাম সাগর।
আলোচনা সভায় সমবায়ভিত্তিক অর্থায়ন, সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা, পারস্পরিক সহযোগিতা এবং সদস্যদের আর্থিক সক্ষমতা বৃদ্ধিতে ক্রেডিট ইউনিয়নের ভূমিকা তুলে ধরা হয়।
বক্তারা বলেন, ক্রেডিট ইউনিয়ন সদস্যদের সম্মিলিত সঞ্চয় ও ঋণ কার্যক্রমের মাধ্যমে আর্থিক সহযোগিতার সুযোগ তৈরি করে। বিশেষ করে সাধারণ মানুষের মধ্যে সঞ্চয়ের প্রবণতা বাড়ানো, প্রয়োজনের সময় আর্থিক সহায়তা দেওয়া এবং পারস্পরিক আস্থার ভিত্তিতে অর্থনৈতিক উন্নয়নে এ ধরনের প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
আয়োজকেরা জানান, ঐক্য, পারস্পরিক আস্থা ও সম্মিলিত উদ্যোগ সমবায়ের মূল ভিত্তি। এসব মূল্যবোধ ধারণ করে ক্রেডিট ইউনিয়নের কার্যক্রম আরও গতিশীল করা এবং সদস্যদের মধ্যে সচেতনতা বাড়ানোই দিবসটি উদ্যাপনের অন্যতম লক্ষ্য।
কর্মসূচিতে ক্রেডিট ইউনিয়নের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।



