নাফ নদীতে ভাসমান অবস্থায় গুলিবিদ্ধ অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার
কক্সবাজার প্রতিবেদক
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ পিএম
কক্সবাজারের টেকনাফে জাদিমুরা এলাকায় নাফ নদী থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকালে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুরা সংলগ্ন নাফ নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে।
স্থানীয় লোকজনের খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়। তবে নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।
স্থানীয়রা জানিয়েছেন, শুক্রবার সকাল ছয়টার দিকে টেকনাফের জাদিমুরা এলাকায় নাফ নদীতে একটি নৌকার মধ্যে গুলিবিদ্ধ অবস্থায় মরদেহটি দেখতে পান স্থানীয়রা। পরে নৌকা থেকে মরদেহটি তীরে এনে পুলিশকে খবর দেন। খবর পেয়ে টেকনাফ মডেল থানার পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
স্থানীয় ৯ নম্বর ওয়ার্ডে নিয়োজিত গ্রাম পুলিশ সদস্য আবদুল আমিন জানান, সকালে নাফ নদীসংলগ্ন এলাকায় মরদেহটি পড়ে থাকতে দেখা যায়। নিহত ব্যক্তির চোখের ওপরের অংশে গুলির আঘাতের চিহ্ন রয়েছে। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
হ্নীলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলী মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, শুক্রবার সকালে জাদিমুরা এলাকার নাফ নদী থেকে গুলিবিদ্ধ অবস্থায় একটি অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তির শরীরে গুলির আঘাতের চিহ্ন রয়েছে। তবে এখনো তাঁর পরিচয় জানা যায়নি।
টেকনাফ মডেল থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেন, জাদিমুরা সংলগ্ন নাফ নদীতে গুলিবিদ্ধ অবস্থায় এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ পড়ে থাকার খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করেছে। নিহতের শরীরে গুলির আঘাতের চিহ্ন রয়েছে।
কারা, কি কারণে এ খুনের ঘটনা ঘটিয়েছে এবং কোথায়, কিভাবে খুন সংঘটিত হয়েছে; এব্যাপারে পুলিশের নিশ্চিত কোন তথ্য নেই বলে জানান তিনি।
সাইফুল ইসলাম জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।



