Logo
Logo
×

সারাদেশ

বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে মহাসড়ক অবরোধ

Icon

যুগের চিন্তা ২৪ ডেস্ক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ১১:৪৫ এএম

বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে মহাসড়ক অবরোধ

গাজীপুরের শ্রীপুরে সেপ্টেম্বর মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সি স্টেজ বিডি লিমিটেডের শ্রমিকরা। এতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে শিল্প পুলিশের হস্তক্ষেপে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিলে প্রায় এক ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার মুলাইদ গ্রামের এমসি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আন্দোলনরত শ্রমিকদের অভিযোগ, গত ১০ অক্টোবরের আন্দোলনের পর কারখানা কর্তৃপক্ষ ১৩ অক্টোবরের মধ্যে সেপ্টেম্বর মাসের বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দিয়েছিল। কিন্তু প্রতিশ্রুতি অনুযায়ী বেতন দেওয়া হয়নি। এর মধ্যে বৃহস্পতিবার কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হলে ক্ষুব্ধ শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

শ্রমিকরা জানান, বুধবারও বেতন পরিশোধ না করে কর্তৃপক্ষ সময়ক্ষেপণ করেছে। ফলে বকেয়া বেতন আদায়ের দাবিতে তারা রাস্তায় নামতে বাধ্য হয়েছেন।

অবরোধের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে বাস, ট্রাক ও অন্যান্য যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। এতে যাত্রী ও পরিবহন শ্রমিকদের দুর্ভোগ বেড়ে যায়।

খবর পেয়ে শিল্প পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সঙ্গে আলোচনা শুরু করে। পুলিশ বকেয়া বেতন পরিশোধের বিষয়ে মালিকপক্ষের সঙ্গে আলোচনার আশ্বাস দিলেও শ্রমিকরা তাৎক্ষণিকভাবে অবরোধ প্রত্যাহার করতে রাজি হননি। পরে কয়েকটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়।

গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, সি স্টেজ বিডি লিমিটেডের শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করেছিলেন। আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করা হলেও তারা অবরোধ চালিয়ে যান। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।

তিনি আরও জানান, মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে শ্রমিকদের বেতন পরিশোধের বিষয়টি সমাধানের উদ্যোগ নেওয়া হবে। এছাড়া কারখানা থেকে যন্ত্রপাতি সরিয়ে নেওয়ার যে অভিযোগ শ্রমিকরা করেছেন, তা সঠিক নয় বলেও উল্লেখ করেন তিনি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন