তাজমিন হত্যাকাণ্ড: কক্সবাজারের আটক রাজুকে কুমিল্লা পুলিশে হস্তান্তর
কক্সবাজার প্রতিবেদক
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ০৪:২৮ পিএম
কুমিল্লায় তাজমিন হত্যাকাণ্ডের ঘটনায় কক্সবাজারে আটক কথিত প্রেমিক রিয়াজ উদ্দিন রাজুকে কুমিল্লা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
সোমবার বেলা ১২ টার দিকে কুমিল্লা পুলিশের একদল কক্সবাজার সদর থানায় এসে রাজুকে নিয়ে কুমিল্লার দিকে যাত্রা দিয়েছে বলে জানিয়েছেন কক্সবাজার সদর থানার ওসি শেখ মোহাম্মদ আলী।
এর আগে রবিবার রাত ৯ টার দিকে কক্সবাজার শহরের হোটেল-মোটেল জোনের কলাতলী এলাকা থেকে তাকে আটক করা হয়।
কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম এন্ড অপস্ ) মো. অহিদুর রহমান জানান, তাজমিন হত্যাকান্ডের ঘটনায় জড়িত সন্দেহে তাকে আটক করা হয়েছে। গ্রেপ্তার যুবক স্বীকারোক্তিতে জানিয়েছে, রাজুই নিহত তাজমিনকে ফুসলিয়ে কক্সবাজার নিয়ে এসেছিল। আটক রাজু নিহত তাজমিনের কথিত প্রেমিক। আটক হওয়ার আগে বিভিন্ন গণমাধ্যমের কাছে প্রেম সংক্রান্ত বিষয়ে স্বীকারোক্তি দেন রাজু।
এতে রাজু জানান, ইনস্টাগ্রামের মাধ্যমে তাজমিনের সাথে সম্পর্ক হয় রাজুর। এক পর্যায়ে গত ৬ সেপ্টেম্বর ভোরে কক্সবাজার পৌঁছে তাজমিন। পরে ওই দিন তারা কলাতলীর একটি আবাসিক হোটেলে উঠেন স্বামী-স্ত্রী পরিচয়ে। পরদিন দুপুর বাস যোগে একা কুমিল্লার উদ্দেশ্যে রওনা দেয় তাজমিন। পরে সেখানে পৌঁছার পর সে হত্যাকান্ডের শিকার হন।



