কুষ্টিয়া সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টায় বিজিবির বাধা
যুগের চিন্তা ২৪ অনলাইন
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ০২:৪৯ পিএম
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে দুই নারী ও দুই পুরুষকে জোরপূর্বক বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বার্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কড়া অবস্থানের কারণে সেই চেষ্টা ব্যর্থ হয় এবং বিএসএফ সদস্যরা ওই চারজনকে নিয়ে ভারতের ভূখণ্ডে ফিরে যায়।
রোববার (১১ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের ঠোটারপাড়া বিওপির দায়িত্বাধীন সীমান্ত এলাকায় আন্তর্জাতিক মেইন পিলার ১৫৩/৯-এস সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।
বিজিবি সূত্র জানায়, ভারতের ১৪৬ ব্যাটালিয়নের উদয়নগর ক্যাম্পের সদস্যরা দুই নারী ও দুই পুরুষকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে। বিষয়টি জানতে পেরে বিজিবি সদস্যরা দ্রুত সতর্ক অবস্থান নেন এবং তাদের প্রবেশে বাধা দেন।
একপর্যায়ে বিজিবির কঠোর অবস্থানের মুখে বিএসএফ সদস্যরা পুশইনের চেষ্টা থেকে সরে আসে এবং ওই চারজনকে সঙ্গে নিয়ে ভারতের অভ্যন্তরে ফিরে যায়।
তাৎক্ষণিকভাবে পুশইনের শিকার হতে যাওয়া চারজনের পরিচয়, জাতীয়তা বা তাদের বাংলাদেশে পাঠানোর উদ্দেশ্য সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি।
প্রাগপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুজ্জামান মুকুল বলেন, সকালে চারজনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করা হলে বিজিবি বাধা দেয়। পরে বিএসএফ সদস্যরা তাদের আবার ভারতীয় সীমান্তে ফিরিয়ে নিয়ে যায়।
কুষ্টিয়া ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, ঠোটারপাড়া সীমান্ত দিয়ে চারজনকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়েছিল। বিজিবির বাধার মুখে বিএসএফ সদস্যরা পিছু হটে এবং তাদের ভারতীয় ভূখণ্ডে ফিরিয়ে নেয়।
তিনি আরও বলেন, সীমান্তে অনুপ্রবেশ ও পুশইন প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে।



