Logo
Logo
×

সারাদেশ

যুক্তরাজ্যে বর্ষসেরা রেস্তোরাঁ পুরস্কার পেলেন নরসিংদীর রাকিব রহমান

Icon

নরসিংদী প্রতিবেদক

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ০৬:০৭ পিএম

যুক্তরাজ্যে বর্ষসেরা রেস্তোরাঁ পুরস্কার পেলেন নরসিংদীর রাকিব রহমান

যুক্তরাজ্যের মর্যাদাপূর্ণ ‘কারি লাইফ অ্যাওয়ার্ডস ২০২৬’-এ বর্ষসেরা রেস্তোরাঁর স্বীকৃতি পেয়েছে বাংলাদেশি বংশোদ্ভূত রাকিব রহমানের মালিকানাধীন ‘স্পাইস হেভেন’। দীর্ঘ ২৫ বছর ধরে গ্রাহকদের আস্থা অর্জন এবং ধারাবাহিকভাবে খাবারের মান ও মেনু উন্নয়নের স্বীকৃতি হিসেবে এ পুরস্কার পেয়েছে যুক্তরাজ্যের হুইচার্চে অবস্থিত রেস্তোরাঁটি। গত রবিবার (৪ অক্টোবর) লন্ডনের পার্ক লেনের ইন্টারকন্টিনেন্টাল হোটেলে জমকালো আয়োজনে ‘কারি লাইফ অ্যাওয়ার্ডস ২০২৬’ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিবিসির উপস্থাপক ও সাংবাদিক জন কে এবং লক্ষ্মী গোপাল।

রাকিব রহমান নরসিংদীর মনোহরদী উপজেলা বিএনপির  সাবেক সাধারণ সম্পাদক ও মনোহরদী পৌরসভার সাবেক মেয়র আব্দুল খালেকের ছেলে।

আয়োজকেরা জানান, যুক্তরাজ্যজুড়ে হাজারো গ্রাহক তাঁদের পছন্দের রেস্তোরাঁ, টেকঅ্যাওয়ে প্রতিষ্ঠান ও শেফদের পক্ষে ভোট দেন। পরে বিচারকদের বাছাই প্রক্রিয়ার মাধ্যমে বিভিন্ন বিভাগে বিজয়ীদের নির্বাচন করা হয়। কারি লাইফ মিডিয়া গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ‘কারি লাইফ’ ম্যাগাজিন এ পুরস্কারের আয়োজন করে।

রেস্তোরাঁটির মালিক রাকিব রহমানের কাছে গ্রাহকদের আস্থাই সবচেয়ে বড় অর্জন। বছরের পর বছর একই গ্রাহকদের ফিরে আসা এবং তাঁদের পরিবারের নতুন প্রজন্মের কাছে ‘স্পাইস হেভেন’-এর পরিচিতি ছড়িয়ে পড়াকে তিনি রেস্তোরাঁটির সাফল্যের গুরুত্বপূর্ণ কারণ হিসেবে দেখেন।

পুরস্কার পাওয়ার প্রতিক্রিয়ায় রাকিব রহমান বলেন, বাংলাদেশি হয়ে এ প্রতিযোগিতায় অংশ নিয়ে বর্ষসেরা পুরস্কার পেয়ে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। আমি সবার কাছে দোয়া চাই।

কারি লাইফের সম্পাদক সৈয়দ বেলাল আহমেদ বলেন, যুক্তরাজ্যের কারি শিল্পে অনেক অনুপ্রেরণাদায়ী ব্যবসায়ী ও রেস্তোরাঁ মালিক রয়েছেন। তাঁদের কঠোর পরিশ্রম ও সাফল্য জাতীয় পর্যায়ে তুলে ধরার সুযোগ করে দিতে পেরে তাঁরা আনন্দিত। এ ধরনের স্বীকৃতি ব্যবসায়ীদের সামনে এগিয়ে যেতে উৎসাহিত করবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যুক্তরাজ্যের বিভিন্ন এলাকার রাজনীতিবিদ ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন ডরসেটের ওয়েমাউথের এমপি লয়েড হ্যাটন, সমারসেটের টনটনের এমপি গিডিয়ন আমোস ওবিই, বেথনাল গ্রিন অ্যান্ড স্টেপনির এমপি রুশনারা আলী এবং ব্রেন্ট ইস্টের এমপি ডন বাটলার।

যুক্তরাজ্যের কারি শিল্প দেশটির অর্থনীতি ও কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বার্ষিক চার বিলিয়ন পাউন্ডের বেশি লেনদেনের এ শিল্পে ১০ হাজারের বেশি কারি রেস্তোরাঁ ও টেকঅ্যাওয়ে প্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠানের অধিকাংশই ক্ষুদ্র ও মাঝারি আকারের এবং অনেকগুলো পরিবারকেন্দ্রিকভাবে পরিচালিত হয়।

রাকিব রহমানের এ অর্জনে নরসিংদীর মনোহরদীসহ তাঁর এলাকার মানুষের মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি তৈরি হয়েছে। প্রবাসে বাংলাদেশি উদ্যোক্তাদের সাফল্যের ধারায় ‘স্পাইস হেভেন’-এর এই স্বীকৃতি নতুন সংযোজন হিসেবে বিবেচিত হচ্ছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন