Logo
Logo
×

সারাদেশ

আশুলিয়ায় গুদামের আগুনে পুড়ল বহু ঘর, নগদ টাকা ও মালামাল চুরির অভিযোগ

Icon

সাভার প্রতিনিধি

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ১০:৩৯ এএম

আশুলিয়ায় গুদামের আগুনে পুড়ল বহু ঘর, নগদ টাকা ও মালামাল চুরির অভিযোগ

সাভারের আশুলিয়ার জামগড়া এলাকায় তুলা ও ঝুটের গুদামে লাগা আগুন ছড়িয়ে পড়েছে আশপাশের বসতবাড়িতে। এতে বহু ঘরবাড়ি, আসবাবপত্র, কাপড়চোপড় ও রান্নার সরঞ্জামসহ প্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে গেছে। আগুন থেকে বাঁচতে ঘর ছেড়ে বেরিয়ে আসা বাসিন্দাদের অভিযোগ, এ সময় তাদের ঘর থেকে নগদ টাকা ও বিভিন্ন মালামাল চুরি হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) সকালে আগুনে বসতবাড়ির ক্ষয়ক্ষতির বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়ার জামগড়া পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) আবু তালেব।

শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে জামগড়া এলাকার কাঁঠালতলা মোড়সংলগ্ন একটি তুলা ও ঝুটের গুদামে আগুন লাগে। পরে আগুন আশপাশের বসতবাড়িতে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের চেষ্টায় রাত ১২টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

ক্ষতিগ্রস্ত বাসিন্দারা জানান, আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ঘর থেকে প্রয়োজনীয় জিনিসপত্র বের করার সুযোগ পাননি তারা। প্রাণ বাঁচাতে তাড়াহুড়ো করে ঘর ছেড়ে বেরিয়ে আসেন। পরে কেউ কেউ ঘরে ফিরে ফ্যান, চুলা, গ্যাস সিলিন্ডার, নগদ টাকা ও অন্যান্য মালামাল খুঁজে পাননি। তাদের অভিযোগ, আগুন নেভানো ও মালামাল সরানোর ব্যস্ততার সুযোগে এসব জিনিস নিয়ে গেছে দুর্বৃত্তরা। তবে কারা এসব মালামাল নিয়েছে, সে বিষয়ে তারা নিশ্চিত নন।

ক্ষতিগ্রস্ত এক গৃহবধূ বলেন, তাদের বাসার পেছনে থাকা ঝুটের গুদাম থেকে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আতঙ্কে সবাই ঘর থেকে বেরিয়ে যাওয়ায় মালামাল সরানো সম্ভব হয়নি। পরে কিছু জিনিস বের করতে পারলেও ফ্যান, চুলাসহ অনেক ছোটখাটো জিনিস খুঁজে পাননি তারা।

এক পোশাকশ্রমিক বলেন, আগুনে তার ঘরের চুলা, পাতিল ও অন্যান্য জিনিসপত্র পুড়ে গেছে। ঘরে রাখা ১০ হাজার টাকাও খুঁজে পাচ্ছেন না তিনি। তবে এসব মালামাল কে বা কারা নিয়েছে, তা নিশ্চিত করে বলতে পারেননি তিনি।

মুজিবুর রহমান নামে এক বাড়ির মালিকের দাবি, আগুনে প্রায় ২০টি বাড়ি পুরোপুরি পুড়ে গেছে। এতে তার নিজের অন্তত ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। রেহানা নামের আরেক বাসিন্দা জানান, আগুনে তার পাঁচতলা ভবনের বাসার সবকিছু পুড়ে গেছে। 

স্থানীয় ব্যবসায়ী রেজাউল করিম বলেন, তার বাসায় ব্যবসার কাপড়চোপড়সহ অনেক মালামাল রাখা ছিল। আগুনের পর সেগুলোর ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করতে পারেননি। তার অভিযোগ, কিছু মালামাল চুরি হয়েছে।

জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মামুন হোসেন বলেন, শুক্রবার রাত ৯টা ৪০ মিনিটের দিকে জামগড়ায় একটি তুলার গুদামে আগুন লাগার খবর পান তারা। পরে জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ও ইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। রাত ১২টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

আশুলিয়া জামগড়া পুলিশ ক্যাম্পের এসআই আবু তালেব বলেন, কাঁঠালতলা মোড়সংলগ্ন গুদামে আগুন লাগার পর ঘটনাস্থলে বিপুলসংখ্যক মানুষ জড়ো হন। ফায়ার সার্ভিসের কর্মীদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও পানি ও বালু দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। আগুন আশপাশের বসতবাড়িতে ছড়িয়ে পড়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন