টেকনাফে অপহৃত ৪ যুবক উদ্ধার, অপহরণ চক্রের এক সদস্য আটক
কক্সবাজার প্রতিবেদক
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ০৯:০৬ পিএম
কক্সবাজারের টেকনাফে যৌথ অভিযানে অপহৃত চার যুবককে উদ্ধার করা হয়েছে। এসময় অপহরণকারী চক্রের এক সদস্যকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেল পৌনে ৩টার দিকে উপজেলার নয়াপাড়া রেজিস্টার্ড শরণার্থী শিবিরের চেকপোস্ট সংলগ্ন মৌসুমী গেইটের বাম পাশে মাছ বাজার এলাকায় আর্মড পুলিশ ব্যাটালিয়ন ( এপিবিএন ) ও টেকনাফ থানা পুলিশ যৌথভাবে এ অভিযান চালানো হয়।
আটক মোহাম্মদ তারেক (২৩) টেকনাফের হ্নীলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
উদ্ধাররা হলেন- টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হেলাল উদ্দিন (২১), মো. ইউনুস (২১), জসিম উদ্দিন (২১) ও খায়রুল আমিন (২১)।
১৬ এপিবিএন সূত্র জানায়, মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে টেকনাফ নয়াপাড়া রেজিস্টার্ড শরণার্থী শিবিরের মৌসুমী বাজার এলাকায় অপহরণকারী চক্রের কয়েকজন সদস্য অবস্থান করার খবর পায় এপিবিএন। পরে এপিবিএন ও টেকনাফ থানা পুলিশের সমন্বয়ে একটি যৌথ দল গঠন করে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অপহৃত চার যুবককে উদ্ধার করা হয় এবং অপহরণকারী চক্রের সদস্য সন্দেহে মো. তারেককে আটক করা হয়।
মঙ্গলবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে ১৬ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত উপ-মহাপরিদর্শক ( এডিআইজি ) কাউছার সিকদার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ১৬ এপিবিএন ও টেকনাফ থানা পুলিশের যৌথ দল নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের মৌসুমী বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় অপহৃত চারজন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। পাশাপাশি অপহরণকারী চক্রের সদস্য হিসেবে সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে।
তিনি আরও বলেন, উদ্ধার হওয়া চার ভুক্তভোগী ও আটক সন্দেহভাজন ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় নয়াপাড়া রেজিস্টার্ড শরণার্থী শিবিরের এপিবিএন ক্যাম্পে একটি সাধারণ ডায়েরি লিপিবদ্ধ করা হয়েছে বলে জানান, অতিরিক্ত উপ-মহাপরিদর্শক ( এডিআইজি ) মোহাম্মদ কাউছার সিকদার।



