Logo
Logo
×

সারাদেশ

কুড়িগ্রামে বাংলাদেশি ভেবে দুই ভারতীয় নাগরিককে গুলি করলো বিএসএফ

Icon

কুড়িগ্রাম প্রতিবেদক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ০৯:৩৬ পিএম

কুড়িগ্রামে বাংলাদেশি ভেবে দুই ভারতীয় নাগরিককে গুলি করলো বিএসএফ

ছবি : বা থেকে গুলিবিদ্ধ আব্দুল আলীম ও ইসমাইল হোসেন

কুড়িগ্রামের দইখাওয়া সীমান্তে বাংলাদেশি ভেবে দুই ভারতীয় নাগরিককে গুলি করে বাংলাদেশ ভূখণ্ডে ফেলে যাওয়ার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর বিরুদ্ধে। গুলিবিদ্ধ দুই ভারতীয় নাগরিক বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার (৫ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান।

তিনি জানান, গুলিবিদ্ধ অবস্থায় ভারতীয় দুই নাগরিককে হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি করা হয়েছে। তাদের প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

এর আগে রোববার (৪ অক্টোবর) মধ্যরাতে কুড়িগ্রামের দইখাওয়া সীমান্ত এলাকায় গুলিবিদ্ধ অবস্থায় ওই দুই ব্যক্তিকে ফেলে যাওয়ার অভিযোগ ওঠে। পরে বাংলাদেশি সহযোগীরা তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে পুলিশের হেফাজতে তাদের চিকিৎসা চলছে।

গুলিবিদ্ধ দুই ব্যক্তি হলেন আব্দুল আলীম ও ইসমাইল হোসেন। তারা ভারতের আসাম রাজ্যের দক্ষিণ সালমারা মাইনকার চর জেলার সুখচর থানার দক্ষিণ সালমারা মাইনকার চর বড়বালু এলাকার বাসিন্দা। আব্দুল আলীম ওই এলাকার আব্দুল মজিদ মন্ডলের ছেলে এবং ইসমাইল হোসেন মৃত আব্দুল করিম শেখের ছেলে।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, দুজনের শরীরেই গুলির আঘাত রয়েছে। তাদের মধ্যে আব্দুল আলীমের অবস্থা আশঙ্কাজনক।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান বলেন, ভারতীয় দুই নাগরিককে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। পরবর্তী আইনি ব্যবস্থা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নেবে।

তবে বিএসএফের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে ভিন্ন বক্তব্য দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহাবুব উল হক বলেন, সীমান্তে গুলির কোনো ঘটনা ঘটেনি।

ঘটনাটি নিয়ে বিএসএফের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ক্যাপশনঃ বা থেকে গুলিবিদ্ধ  আব্দুল আলীম ও ইসমাইল হোসেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন