মনোহরগঞ্জে প্রকাশ্যে অস্ত্রের মহড়া কিশোর গ্যাং লিডার সাকিব গ্রেপ্তার
কুমিল্লা (দক্ষিন) প্রতিনিধি
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ০৯:১১ পিএম
কুমিল্লার মনোহরগঞ্জে প্রকাশ্যে দেশীয় অস্ত্রের মহড়া দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় কিশোর গ্যাংয়ের কথিত লিডার সাকিবকে (১৬) গ্রেপ্তার করেছে মনোহরগঞ্জ থানা পুলিশ। রোববার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে সোমবার আদালতের মাধ্যমে তাকে কুমিল্লা জেলা কারাগারে পাঠানো হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদ আহম্মদ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার বিকেলে মনোহরগঞ্জ থানার প্রায় ৫০০ মিটার পশ্চিমে পোমগাঁও ব্রিজসংলগ্ন জলিপুর এলাকায় ৮ থেকে ১০ জন কিশোর প্রকাশ্যে দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেয়। এ সময় তাদের হাতে চাইনিজ কোরাল, চাপাতি, ধারালো ছুরিসহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র দেখা যায়।
অভিযোগ রয়েছে, ওই মহড়ায় সাকিব নেতৃত্ব দেয়। পরে অস্ত্রের মহড়ার ভিডিও ধারণ করে তার টিকটক আইডিতে প্রকাশ করা হয়। ভিডিওটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে আতঙ্ক তৈরি হয়। বিষয়টি পুলিশের নজরে আসার পর জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু করে মনোহরগঞ্জ থানা পুলিশ।
এরই ধারাবাহিকতায় রোববার দিবাগত রাতে অভিযান চালিয়ে সাকিবকে গ্রেপ্তার করা হয়। সোমবার তাকে আদালতে হাজির করা হলে আদালতের মাধ্যমে কুমিল্লা জেলা কারাগারে পাঠানো হয়।
মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদ আহম্মদ বলেন, কিশোর গ্যাং লিডার সাকিবের কিছু ভিডিও পুলিশের হাতে আসার পর তাকে গ্রেপ্তারের জন্য অভিযান শুরু করা হয়। রোববার দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার আদালতের মাধ্যমে তাকে কুমিল্লা জেলহাজতে পাঠানো হয়েছে।



