ঈশ্বরগঞ্জে প্রতিবন্ধী তরুণী ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ০৮:০৩ পিএম
ঈশ্বরগঞ্জে প্রতিবন্ধী তরুণী ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এক মানসিক ও বুদ্ধিপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে জড়িতদের সর্বোচ্চ শাস্তি ও দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
বৃহস্পতিবার (১ অক্টোবর) উপজেলার ৩ নম্বর সরিষা ইউনিয়ন এলাকার বাসিন্দাদের উদ্যোগে উপজেলা পরিষদের সামনে এ মানবন্ধন অনুষ্ঠিত হয়। এতে নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। মানবন্ধন থেকে বক্তারা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মানবন্ধনে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমন উপস্থিত ছিলেন। তিনি এলাকাবাসীর উদ্দেশে বক্তব্য রাখেন এবং মামলার তদন্ত ও পরবর্তী আইনগত কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।
ওসি সাজ্জাদ রোমন বলেন, "ঘটনার তদন্তে দ্রুততম সময়ের মধ্যে তিনজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ দ্রুত সময়ের মধ্যে আসামিদের গ্রেপ্তার করায় আমি পুলিশ সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানাই।"
তিনি আরও বলেন, "ভুক্তভোগীর মেডিকেল পরীক্ষা ও প্রয়োজনীয় প্রক্রিয়া এবং ডিএনএ পরীক্ষার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে। দ্রুত তদন্ত শেষ করে আদালতে পুলিশ প্রতিবেদন দাখিলের উদ্যোগ নেওয়া হচ্ছে। মূল আসামিসহ মামলার বাকি আসামিদেরও গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে। মামলার কার্যক্রমে কোনো ধরনের কালক্ষেপণ করা হবে না।"
ওসি এ বিষয়ে এলাকাবাসী ও সাংবাদিকদের সহযোগিতা কামনা করে বলেন, "পুলিশ যেভাবে দ্রুততার সঙ্গে আসামিদের গ্রেপ্তার করেছে, একইভাবে পরবর্তী আইনগত কার্যক্রমও দ্রুত সম্পন্ন করা হবে।"
জানা যায়, গত ২২ সেপ্টেম্বর ঈশ্বরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি দায়ের করা হয়। মামলায় একাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে। তদন্তের স্বার্থে আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের পুলিশ রিমান্ডের আবেদন আদালতে করা হয়েছে।
মানবন্ধন থেকে এলাকাবাসী ভুক্তভোগীর নিরাপত্তা নিশ্চিতসহ ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেকের দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান।



