শার্শায় সাড়ে ৭ কোটি টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০১ এএম
যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ৭ কোটি ৬৭ লাখ ৫৫ হাজার টাকা মূল্যের ২৬টি স্বর্ণের বারসহ রিপন হোসেন (৪১) নামের এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) গভীর রাতে ২১ বিজিবি ব্যাটালিয়নের সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে, ওই দিন সন্ধ্যা ৬টার দিকে শার্শার বাগআঁচড়া বাজারের একটি মার্কেট থেকে তাকে আটক করা হয়। আটক রিপন হোসেন শার্শার বসতপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে।
বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, উদ্ধারকৃত স্বর্ণের বারগুলো যশোরের একজন অভিজ্ঞ জুয়েলার্স দিয়ে পরীক্ষা-নিরীক্ষা করিয়ে নিশ্চিত হওয়া গেছে যে এগুলো ২৪ ক্যারেটের খাঁটি স্বর্ণ।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ নাফিজ ইমতিয়াজ আহসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে রুদ্রপুর বিজিবি ক্যাম্পের একটি বিশেষ টহল দল বাগআঁচড়া বাজারের ‘বাবু সুপার মার্কেট’ এলাকায় অভিযান চালায়। সেখান থেকে রিপনকে আটক করে ক্যাম্পে নিয়ে আসা হয়। পরবর্তীতে তার দেয়া তথ্যের ভিত্তিতে কৌশলে লুকিয়ে রাখা ২৬টি স্বর্ণের বার জব্দ করা হয়।
জব্দকৃত স্বর্ণের মোট ওজন ৩ কেজি ৪৩৮ গ্রাম, যার বর্তমান বাজারমূল্য প্রায় ৭ কোটি ৬৭ লাখ ৫৫ হাজার ৬৯০ টাকা। এ ঘটনায় সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে আটক পাচারকারীকে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।



