শেরপুরে বিস্ফোরক আইনের মামলায় আ.লীগের সহযোগী সংগঠনের কর্মী গ্রেপ্তার
শেরপুর (বগুড়া) প্রতিবেদক
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ পিএম
বগুড়ার শেরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও দলীয় কার্যালয়ে হামলার ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলায় আবদুল খালেক ওরফে খোকন (৩২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে শেরপুর পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে দুপুরে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার আবদুল খালেক বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বুরইল ইউনিয়নের কামুল্যা গ্রামের মৃত আব্দুল ওহাবের ছেলে। বর্তমানে তিনি শেরপুর পৌর শহরের শ্রীরামপুর পাড়ায় বসবাস করেন। তিনি আওয়ামী লীগের সহযোগী সংগঠনের একজন সক্রিয় কর্মী বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২৮ সেপ্টেম্বর শেরপুর থানায় বিএনপির বিক্ষোভ মিছিল ও দলীয় কার্যালয়ে হামলার ঘটনায় একটি মামলা দায়ের করা হয়। মামলায় দণ্ডবিধির ১৪৩, ১৪৭, ৩২৩, ৩২৫, ৩০৭, ৪২৭, ৫০৬, ১১৪ ও ৩৪ ধারাসহ ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইনের ৩ ও ৫ ধারায় অভিযোগ আনা হয়। মামলাটির নম্বর ২৪ এবং জিআর নম্বর ২৮৩।
পুলিশ জানায়, মামলাটির তদন্তে আবদুল খালেকের প্রত্যক্ষভাবে জড়িত থাকার তথ্যপ্রমাণ পাওয়া গেছে। এর পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়।
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মইনুদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে আবদুল খালেককে গ্রেপ্তার করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।



