কলমাকান্দায় বিজিবির অভিযানে ১৮ বোতল ভারতীয় মদ জব্দ
কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৮ পিএম
নেত্রকোনার কলমাকান্দা সীমান্তে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১৮ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ৮ নম্বর রংছাতি ইউনিয়নের সন্ন্যাসীপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়। নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) অধীন পাঁচগাঁও বিজিবি বিওপির (বর্ডার অবজারভেশন পোস্ট) একটি টহল দল এ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পাঁচগাঁও বিওপির চার সদস্যের একটি টহল দল সন্ন্যাসীপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। অভিযানস্থলটি সীমান্ত পিলার ১১৮১/৫-এস থেকে আনুমানিক ৩৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে।
অভিযানের একপর্যায়ে ওই এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ১৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবির ধারণা, টহল দলের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্টরা মদগুলো ফেলে পালিয়ে যেতে পারে। তবে এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে কারও সংশ্লিষ্টতার বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য জানানো হয়নি।
জব্দ করা মদ বিধি অনুযায়ী নেত্রকোনা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেওয়া হবে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।
নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল তৌহিদুল বারী, পিএসসি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে অভিযানের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।



