Logo
Logo
×

সারাদেশ

কুড়িগ্রামে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, ৫৫ বছরের বৃদ্ধের বিরুদ্ধে মামলা

Icon

কুড়িগ্রাম প্রতিবেদক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫১ পিএম

কুড়িগ্রামে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, ৫৫ বছরের বৃদ্ধের বিরুদ্ধে মামলা

কুড়িগ্রামের চিলমারীতে ১৫ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে ৫৫ বছর বয়সী এক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। পুলিশ জানিয়েছে, শারীরিক পরীক্ষায় ওই কিশোরীর প্রায় পাঁচ মাসের অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি জানা গেছে।

অভিযুক্ত ব্যক্তির নাম মতিবর ফকির। তিনি চিলমারী উপজেলার ঢুষমারা এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

পুলিশ ও কিশোরীর পরিবারের সূত্রে জানা যায়, সম্প্রতি কিশোরীর শারীরিক পরিবর্তন দেখা দিলে পরিবারের সদস্যরা তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে স্বাস্থ্য পরীক্ষা শেষে চিকিৎসকেরা তাকে প্রায় পাঁচ মাসের অন্তঃসত্ত্বা বলে জানান। এরপর পরিবারের পক্ষ থেকে ঢুষমারা থানায় ধর্ষণের অভিযোগে মামলা করা হয়।

পরিবারের অভিযোগ, বিষয়টি জানাজানি হওয়ার পর স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি সালিশের মাধ্যমে ঘটনাটি মীমাংসার চেষ্টা করেন। একই সঙ্গে আইনি পদক্ষেপ না নিতে পরিবারের ওপর চাপ প্রয়োগ করা হয় বলেও অভিযোগ করেছেন তারা।

কিশোরীর মামা বলেন, “আমরা মূল অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। পাশাপাশি যারা ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে কিংবা আইনি প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করেছে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হোক।”

ঢুষমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ বলেন, কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। তার মেডিকেল রিপোর্ট পাওয়া গেছে। মামলার অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পুলিশ জানিয়েছে, অভিযোগটি তদন্ত করে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন