Logo
Logo
×

সারাদেশ

ফ্যামিলি কার্ডে অগ্রাধিকার পাবেন দরিদ্ররা ডেপুটি স্পিকার

Icon

নুরুল আমিন,কলমাকান্দা

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৩ পিএম

ফ্যামিলি কার্ডে অগ্রাধিকার পাবেন দরিদ্ররা ডেপুটি স্পিকার

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল

ফ্যামিলি কার্ডের তালিকা প্রণয়নে দলীয় পরিচয়, স্বজনপ্রীতি কিংবা আর্থিক লেনদেনের মাধ্যমে কাউকে সুবিধা দেওয়ার সুযোগ নেই বলে সতর্ক করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেছেন, ফ্যামিলি কার্ডের সুবিধা দিতে হবে সমাজের সবচেয়ে দরিদ্র, প্রান্তিক ও সুবিধাবঞ্চিত পরিবারগুলোকে। এ ক্ষেত্রে অনিয়ম বা দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে নিজ দলের নেতাকর্মীদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে নেত্রকোনার কলমাকান্দা উপজেলা পরিষদ হলরুমে ফ্যামিলি কার্ডের শুমারিকারী এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপ-২০২৬-এর তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় এ সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এন. এম. আবদুল্লাহ আল মামুন।

ডেপুটি স্পিকার বলেন, ফ্যামিলি কার্ডের মূল উদ্দেশ্য হলো প্রকৃত দরিদ্র মানুষের কাছে সরকারি সহায়তা পৌঁছে দেওয়া। তাই তথ্য সংগ্রহের সময় ছাপরা ঘরে বসবাসকারী, গৃহহীন ও সবচেয়ে সুবিধাবঞ্চিত পরিবারগুলোকে অগ্রাধিকার দিতে হবে। সচ্ছল পরিবারের নাম তালিকাভুক্তির ক্ষেত্রে কোনো ধরনের পক্ষপাত করা যাবে না।

তিনি আরও বলেন, তথ্য সংগ্রহকারীদের সরকার নির্ধারিত সম্মানী দিচ্ছে। এর বাইরে ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে কেউ টাকা দাবি করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। দুর্নীতি, স্বজনপ্রীতি কিংবা চাঁদাবাজির সঙ্গে জড়িত ব্যক্তির রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হবে না বলেও সতর্ক করেন তিনি।

সভায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনমান উন্নয়নের বিষয়টিও গুরুত্ব পায়। কায়সার কামাল বলেন, সীমান্তের দুর্গম এলাকায় বসবাসকারী গারো ও হাজং জনগোষ্ঠীর মানুষের শিক্ষা, নিরাপদ পানীয় জল ও বাসস্থানের সংকট দূর করতে উদ্যোগ নেওয়া প্রয়োজন। জরিপের তথ্য সংগ্রহে নিয়োজিত ক্ষুদ্র নৃগোষ্ঠীর তরুণ-তরুণীদের সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

বিদ্যুৎ সংকটের কারণে শিক্ষার্থীদের পড়াশোনায় বিঘ্ন ঘটায় দুঃখ প্রকাশ করে ডেপুটি স্পিকার বিদ্যুৎ সাশ্রয়ের আহ্বান জানান। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত এ সমস্যার সমাধান করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

এর আগে রোববার সকাল ৯টার দিকে ঢাকার জাতীয় সংসদ ভবন সংলগ্ন নির্ধারিত বাসভবন থেকে সড়কপথে ময়মনসিংহ হয়ে কলমাকান্দার উদ্দেশে রওনা দেন ডেপুটি স্পিকার।

দুপুরে উপজেলা পরিষদ হলরুমে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থী ও অস্বচ্ছল ব্যক্তিদের মধ্যে অনুদানের চেক বিতরণ করেন তিনি। পরে ফ্যামিলি কার্ডের শুমারিকারী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর জরিপকারীদের সঙ্গে মতবিনিময় করেন।

এরপর বিজিএমইএ ও অর্থ মন্ত্রণালয়ের এসআইসিআইপি (SICIP) প্রকল্পের আওতায় প্রশিক্ষণকেন্দ্রের সংস্কারকাজ পরিদর্শন এবং পরিদর্শন কক্ষের উদ্বোধন করেন। বিকেল সাড়ে ৩টার দিকে কলমাকান্দা মধ্যবাজারে শ্রী শ্রী জগন্নাথ জিউর মন্দিরের পুনর্নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।

পরে রংছাতি ইউনিয়নের বানাড়িপাড়া এলাকায় স্থানীয়ভাবে জামদানি শাড়ি তৈরির কার্যক্রম পরিদর্শন করেন। সফরের শেষ পর্যায়ে বিকেল সাড়ে ৪টার দিকে একই ইউনিয়নের ধারাপাড়া গ্রামে ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য বরাদ্দকৃত একটি ঘরের উদ্বোধন করেন ডেপুটি স্পিকার।

এ সময় ইউএনও এন. এম. আবদুল্লাহ আল মামুন, সহকারী কমিশনার (ভূমি) মো. শামছুজ্জামান আসিফ, কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোহেল রানা, উপজেলা বিএনপির সভাপতি এমএ খায়ের, সহসভাপতি আব্দুস ছালাম কেরণ, ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান পাঠান বাবুল ও ওবায়দুল হক, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এইচ আর নাজিমসহ প্রশাসনের কর্মকর্তা ও বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন