একটি সংস্থার কারণে পুরো কক্সবাজার নিয়ে সরকার মহাবিপদে রয়েছে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
কক্সবাজার প্রতিবেদক
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৫ পিএম
একটি সংস্থার কারণে পুরো কক্সবাজার নিয়ে সরকার মহাবিপদে রয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
তিনি বলেছেন, সরকার কক্সবাজারের পর্যটন নগরীকে সুন্দরভাবে সাজানোর জন্য যতবার চেষ্টা করে ওই সংস্থাটি ততবার উচ্চ আদালতে গিয়ে একটা একটা রীট করে নিষেধাজ্ঞ নিয়ে আসে। সম্প্রতি আমার মন্ত্রণালয়ের ১২৮ কোটি টাকার একটি প্রকল্প কক্সবাজার লাবণী পয়েন্ট থেকে মেরিন ড্রাইভ সংযোগ সড়ক নিমার্ণ কাজ রীট করে বন্ধ করে নিয়েছে। তাহলে সুন্দর একটি নগরী তৈরি কিভাবে করবো?
শনিবার বেলা ১২ টার দিকে উখিয়া উপজেলার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র পরিদর্শনকালে সাংবাদিকদের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এসব কথা বলেন।
তিনি বলেছেন, কক্সবাজার ঐতিহ্যগত ও পরিচয় দেওয়ার মতো ঠিকানা। কক্সবাজারকে আন্তর্জাতিকমানের পর্যটন কেন্দ্রে রূপান্তরের জন্য কক্সবাজার পৌরসভাকে সিটি কর্পোরেশনে প্রক্রিয়াধীন আছে।
কক্সবাজারের পর্যটন, উন্নয়ন যেন বিকশিত করতে না পারে সেজন্য দীর্ঘদিন ধরে নানা ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করে তিনি বলেন, “যত ষড়যন্ত্র হোক কক্সবাজারকে একটি বিকশিত স্থানে নিয়ে যেতে সরকার কাজ করে যাচ্ছে।
স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম শনিবার সকালে উখিয়ার ২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে বিশ্ব ব্যাংকের অর্থায়নে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প পরিদর্শন শান। সেখানে পৌঁছে তিনি প্রকল্পের বিভিন্ন কর্মকান্ড ঘুরে দেখেন।
এসময় সাংবাদিকদের প্রতিমন্ত্রী বলেন, সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্রটি আধুনিক ও পরিবেশ সম্মত প্রকল্প। প্রকল্পের নিত্যদিনের বর্জ্য থেকে সার ও বিদ্যুৎ উৎপাদনকে বৃহৎ পরিসরে রূপ দিতে সরকারের নানা পরিকল্পনা রয়েছে।
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনকালে কক্সবাজার সদর-০৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল, চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন আহমদ সহ মন্ত্রণালয়, প্রশাসন ও প্রকল্প সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



