আগামীকাল উদ্বোধন হচ্ছে বরুড়ার ‘একে এম আবু তাহের হাসপাতাল'
আরাফাত হোসেন
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৫ পিএম
২০ শয্যা ‘একে এম আবু তাহের হাসপাতাল’
আগামীকাল ২৩ আগস্ট জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন হতে যাচ্ছে আধুনিক চিকিৎসাসেবা সম্বলিত ২০ শয্যার ‘একে এম আবু তাহের হাসপাতাল’। কুমিল্লার বরুড়া উপজেলার সোনাইমুড়ী গ্রামে নবনির্মিত এই হাসপাতালটির শুভ উদ্বোধন করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী জাকারিয়া তাহের সুমন, এমপি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বরুড়া উপজেলাসহ সোনাইমুড়ী গ্রাম ও আশেপাশের এলাকার মানুষের দোরগোড়ায় উন্নত ও আধুনিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই হাসপাতালটি প্রতিষ্ঠা করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্বাস্থ্য খাতের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
বরুড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা ডা. জুলকার নাইন জানান, উদ্বোধনের পর থেকেই সোনাইমুড়ী গ্রামসহ পুরো উপজেলার সাধারণ মানুষ স্বল্প খরচে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ ও উন্নত প্রযুক্তির মাধ্যমে সব ধরনের স্বাস্থ্যসেবা লাভ করতে পারবেন। ২৪ ঘণ্টা জরুরি বিভাগ, আধুনিক ল্যাবরেটরি ও ওয়ান-স্টপ সেবার মাধ্যমে এই অঞ্চলের চিকিৎসাসেবায় এক নতুন দিগন্তের সূচনা হবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।
হাসপাতালটির উদ্বোধন প্রসঙ্গে বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান খান রনি বলেন, "সোনাইমুড়ী গ্রামে এই হাসপাতালটি প্রতিষ্ঠার মাধ্যমে বরুড়া উপজেলার স্বাস্থ্যসেবা খাতে এক বিশাল পরিবর্তন আসবে। বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষের ঘরের কাছে উন্নত চিকিৎসা পাওয়ার যে সুযোগ তৈরি হলো, তা অত্যন্ত প্রশংসনীয়। প্রশাসন ও সরকারের পক্ষ থেকে এই ধরনের জনকল্যাণমূলক উদ্যোগকে আমরা সবসময় স্বাগত জানাই এবং হাসপাতালটির সফল যাত্রা কামনা করি।
এদিকে হাসপাতালটি চালু হওয়ার খবরে সোনাইমুড়ী গ্রাম ও আশেপাশের এলাকাবাসীর মাঝে বইছে আনন্দের বন্যা। স্থানীয় বাসিন্দারা জানান, "আগে সামান্য চিকিৎসার জন্য আমাদের দূর-দূরান্তে বা জেলা সদরে ছুটতে হতো, যাতে সময় এবং অর্থ দুটোই বেশি লাগতো। এখন নিজেদের গ্রামে এত বড় ও আধুনিক হাসপাতাল হওয়ায় আমাদের দীর্ঘদিনের ভোগান্তি দূর হবে। আমরা অত্যন্ত আনন্দিত।"হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে।
ইতিমধ্যে উদ্বোধনী অনুষ্ঠানের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং উদ্বোধনের দিনটিকে ঘিরে স্থানীয় সর্বস্তরের মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।



