আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণে নিহত ১, আহত একাধিক
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৬ পিএম
ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ার জামগড়া এলাকায় প্রীতি গ্রুপের একটি তৈরি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এক নারী নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কারখানাটিতে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
স্থানীয়রা জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হঠাৎ কারখানার ভেতরে পরপর কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। এতে পুরো এলাকা কেঁপে ওঠে। মুহূর্তেই কারখানায় আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
স্থানীয়দের দাবি, বিস্ফোরণের সময় একটি সিলিন্ডার ছিটকে কারখানার পাশের একটি কাপড়ের দোকানে গিয়ে পড়ে। এতে দোকানি জয়নাব বেগম নিহত হন। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানান স্থানীয়রা।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলছেন, প্রাথমিকভাবে বয়লার বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত শেষে আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।



