শাহরাস্তিতে প্রবাসীর স্ত্রীকে নিয়ে এনসিপি নেতার উধাও, থানায় মামলা
শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৫ পিএম
চাঁদপুরের শাহরাস্তিতে এক বাহরাইন প্রবাসীর স্ত্রীকে নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) স্থানীয় এক নেতার উধাও হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রবাসীর বাবা বাদী হয়ে শাহরাস্তি মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনার পর থেকে অভিযুক্ত নেতা ও প্রবাসীর স্ত্রী উভয়েরই মুঠোফোন বন্ধ রয়েছে। অবুঝ দুই সন্তানকে ফেলে মায়ের এভাবে চলে যাওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শাহরাস্তি পৌরসভা এনসিপির আহ্বায়ক শেখ রহমত উল্লাহর সঙ্গে তার আপন চাচাতো ভাই বাহরাইন প্রবাসী ইব্রাহিম খলিলের স্ত্রী মরিয়ম বেগমের দীর্ঘদিন ধরে পরকীয়া সম্পর্ক চলছিল। বিষয়টি নিয়ে পারিবারিকভাবে একাধিকবার সালিস-বৈঠকও হয়। গত শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে পরিবারের সবাইকে ফাঁকি দিয়ে মরিয়ম বেগমকে সঙ্গে নিয়ে ঘর ছাড়েন শেখ রহমত উল্লাহ। এ সময় ঘর থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার খোয়া গেছে বলে প্রবাসীর পরিবার দাবি করেছে।
পরদিন রোববার (২০ সেপ্টেম্বর) সকালে প্রবাসীর বাবা হারুনুর রশিদ বাদী হয়ে শাহরাস্তি মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগ দায়েরের সময় থানা প্রাঙ্গণে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। প্রবাসীর ১০ ও ৬ বছর বয়সী দুই শিশু সন্তান তাদের মায়ের খোঁজে কান্নায় ভেঙে পড়ে। একই সঙ্গে অভিযুক্ত শেখ রহমত উল্লাহর নিজের স্ত্রীও সন্তানদের নিয়ে থানায় উপস্থিত হন।
এ বিষয়ে শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, প্রবাসীর স্ত্রীর নিখোঁজ ও এনসিপি নেতার বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। নিখোঁজদের উদ্ধার ও তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।



