শেরপুরে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর ও চাঁদা দাবির মামলা, ছাত্রদল নেতা গ্রেপ্তার
শেরপুর (বগুড়া) প্রতিবেদক
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১২ পিএম
বগুড়ার শেরপুরে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, কর্মচারীদের ভয়ভীতি দেখানো ও চাঁদা দাবির অভিযোগে দায়ের করা মামলায় উপজেলা ছাত্রদলের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তির নাম জাকারিয়া সরকার জীবন (৩২)। তিনি উপজেলার খানপুর ইউনিয়নের ভীমজানী গ্রামের মো. শহিদুল ইসলামের ছেলে এবং শেরপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মির্জাপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও মামলার অভিযোগ সূত্রে জানা যায়, গত ১১ সেপ্টেম্বর বিকেলে শেরপুর পৌর শহরের ফলপট্টি এলাকায় অবস্থিত ‘মেসার্স সায়েম ট্রেডার্স ও সায়েম ট্রাভেলস অ্যান্ড ট্যুরস’-এর কার্যালয়ে কয়েকজন যুবককে সঙ্গে নিয়ে জাকারিয়া সরকার জীবন প্রবেশ করেন বলে অভিযোগ করা হয়েছে। এ সময় তারা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর চালানোর পাশাপাশি কর্মচারীদের ভয়ভীতি দেখিয়ে চাঁদা দাবি করেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
ঘটনার পর প্রতিষ্ঠানের পক্ষ থেকে শেরপুর থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়। পরবর্তীতে অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করে পুলিশ। মামলার পরিপ্রেক্ষিতে অভিযুক্ত জাকারিয়া সরকার জীবনকে গ্রেপ্তারে অভিযান চালায় পুলিশ।বৃহস্পতিবার দুপুরে মির্জাপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন বলেন, ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও চাঁদা দাবির অভিযোগে দায়ের করা মামলায় জাকারিয়া সরকার জীবনকে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।



