কুড়িগ্রামে ব্রহ্মপুত্রের ভাঙনরোধে স্থানীয়দের মানববন্ধন
কুড়িগ্রাম প্রতিবেদক
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২১ পিএম
কুড়িগ্রামের উলিপুরে ব্রহ্মপুত্র নদের তীব্র ভাঙনে হুমকির মুখে পড়েছে একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানসহ সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষা ও ভাঙন প্রতিরোধে মানববন্ধন করেছে উলিপুর উপজেলার সাহেবের আলগা ইউনিয়নবাসী।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে সাহেবের আলগা ইউনিয়নের উত্তর নামাজের চরে ভাঙন প্রতিরোধে অংশগ্রহণ করে হাজারো শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দা।
স্থানীয়দের দাবি, গত এক বছরে প্রায় ১৫০টি বসতবাড়ি ও কয়েক শ বিঘা ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়েছে। ভাঙনের ঝুঁকিতে রয়েছে পাঁচটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, একটি নিম্নমাধ্যমিক বিদ্যালয়, দুটি উচ্চবিদ্যালয় ও দুটি কলেজ। পাশাপাশি হুমকিতে রয়েছে ইউনিয়ন ভূমি অফিস, পুলিশ তদন্তকেন্দ্র ও ইউনিয়ন পরিষদ।
ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা নেওয়ার দাবিতে মানববন্ধন করেন ক্ষতিগ্রস্তরা।
তাদের দাবি, দ্রুত নদীতীর সংরক্ষণে ব্যবস্থা না নিলে আরও ঘরবাড়ি, আবাদি জমি ও গুরুত্বপূর্ণ স্থাপনা নদীগর্ভে বিলীন হতে পারে। পাশাপাশি ক্ষয়ক্ষতি নিরূপণ ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনেরও দাবি জানান তারা।



