মহেশখালীতে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা
কক্সবাজার প্রতিবেদক
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৭ পিএম
কক্সবাজারের মহেশখালীতে চোর সন্দেহে মো. ফয়সাল নামের এক যুবককে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে পিটিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার বড় মহেশখালীর পূর্ব ফকিরাঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, সোমবার রাতে তাকে চোর সন্দেহে আটকের পর খুঁটির সঙ্গে বেঁধে ফয়সালকে মারধর করা হয়। মঙ্গলবার সকালেও তাকে কয়েক দফা পেটানোর পর ঘটনাস্থলে মারা যান তিনি।
এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনা শুরু হয়। ভিডিওতে দেখা গেছে, চুরির অভিযোগে ফয়সালকে একদল কিশোর নির্মমভাবে পেটাচ্ছে।
বড় মহেশখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত উল্লাহ বাবুল বলেন, এক ব্যক্তিকে চুরি করার জন্য পিটিয়ে মেরে ফেলা হয়েছে। বিষয়টি আমি জেনেছি।
মহেশখালী থানার ওসি মোহাম্মদ আব্দুস সোলতান বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। যারাই জড়িত কাজটি ভালো করেনি। তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।



