Logo
Logo
×

সারাদেশ

শীতলক্ষ্যায় গোসলে নেমে নিখোঁজ চারজনের মধ্যে দুইজনের মরদেহ উদ্ধার

Icon

নরসিংদী প্রতিবেদক

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৪ পিএম

শীতলক্ষ্যায় গোসলে নেমে নিখোঁজ চারজনের মধ্যে দুইজনের মরদেহ উদ্ধার

নরসিংদীর শিবপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া চারজনের মধ্যে দুইজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে পুনরায় উদ্ধার অভিযান শুরু হলে পর্যায়ক্রমে সৌরভ ও মো. ওবায়দুল্লাহর মরদেহ উদ্ধার করা হয়। এখনো নিখোঁজ রয়েছেন মোসা. শান্তা (১৬) ও মো. শান্ত (২৪)।

শুক্রবার বিকেলে উপজেলার দুলালপুর ইউনিয়নের লাখপুর এলাকায় এ ঘটনা ঘটে। বিকেল সাড়ে ৫টা পর্যন্ত অভিযান চালিয়েও নিখোঁজদের সন্ধান না পাওয়ায় রাতের জন্য অভিযান স্থগিত করা হয়।

নিহত ওবায়দুল্লাহ (৩৮) গাজীপুরের কালীগঞ্জ থানার ভঙ্গাল এলাকার বিল্লাল হোসেনের ছেলে এবং সৌরভ নরসিংদীর শিবপুর থানার মজনু মিয়ার ছেলে। নিখোঁজ শান্তা ও শান্তকে উদ্ধারে শীতলক্ষ্যা নদীতে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের অভিযান অব্যাহত রয়েছে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, শিবপুর উপজেলার লাখপুর গ্রামে আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন ওবায়দুল্লাহ, মোসা. শান্তা ও মো. শান্ত। শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে তারা বাড়ির অন্য সদস্যদের সঙ্গে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নামেন। এ সময় নদীর প্রবল স্রোতে ও সাঁতার না জানার কারণে ওবায়দুল্লাহ, শান্তা ও শান্ত গভীর পানিতে তলিয়ে যান। তাদের উদ্ধারে এগিয়ে গেলে সৌরভও নদীতে তলিয়ে যান। বিষয়টি সঙ্গে থাকা লোকজন দেখতে পেয়ে স্থানীয়দের খবর দেন। পরে স্থানীয়রা নদীতে নেমে তাদের উদ্ধারের চেষ্টা করেও কোনো সন্ধান পাননি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। শুক্রবার বিকেল সাড়ে ৫টা পর্যন্ত অভিযান চালিয়েও নিখোঁজদের সন্ধান না পাওয়ায় রাতের জন্য অভিযান স্থগিত করা হয়।

শনিবার সকালে ভৈরব থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে পুনরায় উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘক্ষণ তল্লাশির পর সকাল ৮টার দিকে ঘটনাস্থল থেকে কিছুটা দূরে সৌরভের মরদেহ উদ্ধার করা হয়। পরে সকাল ৯টার দিকে নদী থেকে ওবায়দুল্লাহর মরদেহ উদ্ধার করেন ডুবুরিরা।

শিবপুর ফায়ার সার্ভিসের লিডার ইসলাম খান বলেন, সকালে ডুবুরিরা নদী থেকে দুইজনের মরদেহ উদ্ধার করেছেন। বাকি দুজনকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন