নিকলীতে মাদকমুক্ত সমাজ গড়তে মানববন্ধন ও আলোচনা সভা
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৫ পিএম
কিশোরগঞ্জের নিকলীতে মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার জারইতলা ইউনিয়নের রোদারপুড্ডা এলাকায় সামাজিক সচেতনতামূলক সংগঠন ‘রোদারপুড্ডা আলোকিত প্রজন্ম’-এর উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধন শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিমের সভাপতিত্বে বক্তব্য দেন জারইতলা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ইসহাক রানা, মো. সামসুজ্জামান সরকার, মুফতি মো. আব্দুল মুকতাদির, মো. আফতাবুল আলম, মাওলানা আনোয়ার হোসাইন ও নিকলী থানার উপপরিদর্শক কৌশিক।
এ সময় ‘রোদারপুড্ডা আলোকিত প্রজন্ম’-এর সভাপতি মো. আরিফ রাব্বানী, সিনিয়র সহ-সভাপতি মাওলানা উসমান গনী সিরাজী, প্রচার সম্পাদক মো. আব্দুল হালিম, কার্যকরী সদস্য মাওলানা আজহারুল ইসলামসহ সংগঠনের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের ধর্ম বিষয়ক সম্পাদক মুহাম্মদ রিজন হোসাইন ও সাধারণ সম্পাদক মুহাম্মদ খোকন মিয়া।
সভায় সংগঠনের সভাপতি মো. আরিফ রাব্বানী বলেন, ‘রোদারপুড্ডা আলোকিত প্রজন্ম’ একটি মহৎ উদ্দেশ্য নিয়ে যাত্রা করেছে। শিশু ও তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করাই সংগঠনের অন্যতম লক্ষ্য। মাদকের পরিবর্তে তরুণদের হাতে বই-খাতা ও কলম তুলে দিয়ে নৈতিক মূল্যবোধসম্পন্ন একটি প্রজন্ম গড়ে তুলতে চান তারা।
তিনি বলেন, মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা তৈরি করা সহজ নয়। নানা প্রতিকূলতা থাকলেও মাদকমুক্ত ও আলোকিত সমাজ গড়ার লক্ষ্যে তারা কাজ করে যাবেন। এ কাজে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
নিকলী থানার উপপরিদর্শক কৌশিক বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও পুরো সমাজকে ক্ষতিগ্রস্ত করে। মাদক গ্রহণের ফলে মানুষের স্বাভাবিক জ্ঞান ও কর্মক্ষমতা কমে যায় এবং শরীরের বিভিন্ন অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়। পরিবারের কেউ মাদকে জড়িয়ে পড়লে তাকে চিকিৎসা ও পুনর্বাসনের উদ্যোগ নেওয়ার পাশাপাশি পুলিশকে জানানোর পরামর্শ দেন তিনি।
তিনি আরও বলেন, সমাজের সচেতন মানুষগুলো এগিয়ে এলে সম্মিলিত প্রচেষ্টায় মাদক নির্মূল করা সম্ভব
জারইতলা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ইসহাক রানা বলেন, মাদকের ভয়াবহতা এখন পরিবার ও সমাজে স্পষ্ট। মাদকের টাকা জোগাড় করতে গিয়ে অনেকে পরিবারের সদস্যদের সঙ্গে অশান্তিতে জড়িয়ে পড়ছে, এমনকি মা-বাবাকেও হুমকি দিচ্ছে। একটি পরিবারে একজন মাদকসেবী থাকলে পুরো পরিবারই বিপর্যস্ত হয়ে পড়ে।
তিনি বলেন, শুধু রাস্তাঘাট, স্কুল-কলেজ, মসজিদ-মাদ্রাসা বা অন্যান্য অবকাঠামো নির্মাণ করলেই দেশের প্রকৃত উন্নয়ন হবে না। মানুষের উন্নয়নই প্রকৃত উন্নয়ন। আর মানুষের উন্নয়নের জন্য প্রয়োজন সুশিক্ষা ও মাদকমুক্ত সমাজ।
‘আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাদকের বিরুদ্ধে দাঁড়াতে হবে। মাদকমুক্ত সমাজ গড়তে পরিবার, সমাজ ও প্রশাসনকে একসঙ্গে কাজ করতে হবে,’ বলেন তিনি।



