রূপগঞ্জে অস্ত্র ও ককটেল বিস্ফোরণ মামলার শীর্ষ সন্ত্রাসী বুলেট শাকিল গ্রেপ্তার
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪০ পিএম
নারায়ণগঞ্জের রূপগঞ্জে অস্ত্র ও ককটেল বিস্ফোরণ মামলার শীর্ষ সন্ত্রাসী বুলেট শাকিলকে গ্রেপ্তার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাতে উপজেলার তারাব পৌরসভার বরাবো রসূলপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শাকিল ওই এলাকার মৃত মোস্তফা মিয়ার ছেলে।
স্থানীয়দের অভিযোগ সূত্রে জানা গেছে, ঢাকা-সিলেট মহাসড়ক সংলগ্ন তারাব, বিশ্বরোড ও বরাব এলাকা জুড়ে শাকিল তার অপরাধের একক সাম্রাজ্য গড়ে তুলেছিল। সে এলাকায় একটি সংঘবদ্ধ ‘কিশোরগ্যাং’ পরিচালনা করত। এই কিশোরগ্যাং সদস্যদের ব্যবহার করে সে এলাকার পুরো মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করার পাশাপাশি মহাসড়কে যাতায়াতকারী যানবাহন ও পথচারীদের কাছ থেকে নিয়মিত ছিনতাই, ডাকাতি এবং জমি দখলের মতো অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করত।
অভিযোগ রয়েছে,শাকিল ও তার বাহিনীর সদস্যরা কেবল স্থানীয় অপরাধেই সীমাবদ্ধ ছিল না এলাকাটিকে কৌশলগত ট্রানজিট হিসেবে ব্যবহার করে তারা রাজধানী ঢাকা এবং এর আশপাশের বিভিন্ন অঞ্চলে অবৈধ অস্ত্র ও মাদকের চালান সরবরাহ করত। তুচ্ছ ঘটনাতেই শাকিল বাহিনী প্রকাশ্যে অবৈধ অস্ত্র প্রদর্শন, গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পুরো এলাকায় এক ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করত। অদৃশ্য ক্ষমতার জোরে সে দীর্ঘদিন ধরে ধরাছোঁয়ার বাইরে থেকে এসব অপকর্ম চালিয়ে আসছিল বলে স্থানীয় বাসিন্দারা জানান।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন,তারাবো এলাকায় মাদক ব্যবসার আধিপত্য এবং এলাকার নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। শাকিল ওই মামলার অন্যতম এজাহারনামীয় আসামি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত শাকিলকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং তার বাহিনীর অন্যান্য সহযোগীদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।



