Logo
Logo
×

সারাদেশ

শেরপুরে অনুদানের প্রলোভনে বৃদ্ধার স্বর্ণের চেন হাতিয়ে নিল দুই প্রতারক

Icon

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৯ পিএম

শেরপুরে অনুদানের প্রলোভনে বৃদ্ধার স্বর্ণের চেন হাতিয়ে নিল দুই প্রতারক

বগুড়ার শেরপুরে অসহায় মানুষকে আর্থিক সহায়তা দেওয়ার কথা বলে কৌশলে এক বৃদ্ধার কাছ থেকে প্রায় আট আনা ওজনের স্বর্ণের চেন হাতিয়ে নিয়ে পালিয়েছে দুই প্রতারক যুবক। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে শেরপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী দুই বোন কাজলী খাতুন ও রমিসা খাতুন জানান, সকালে ভোটার আইডি কার্ড-সংক্রান্ত কাজে তারা উপজেলা নির্বাচন অফিসে যাচ্ছিলেন। উপজেলা পরিষদের ভেতরে নির্বাচন অফিসের সামনে পৌঁছালে দুই যুবক তাদের পথরোধ করে নিজেদের একটি দাতব্য প্রতিষ্ঠানের কর্মী পরিচয় দেয়। তারা দাবি করে, তাদের প্রতিষ্ঠান থেকে গরিব ও অসহায় মানুষদের ৭ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে।

এরপর প্রতারকরা কৌশলে তাদের জানায়, ওই সহায়তা পেতে হলে নিজেদের অসহায় হিসেবে প্রমাণ করতে হবে। এজন্য শরীরে থাকা স্বর্ণালঙ্কার খুলে রাখতে হবে বলেও তারা জানায়। তাদের কথায় সরল বিশ্বাসে রমিসা খাতুন গলার প্রায় আট আনা ওজনের স্বর্ণের চেন খুলে ওই যুবকদের হাতে তুলে দেন।

পরে প্রতারকরা দুই বোনকে কোর্টপাড়া সড়কের পাশে দাঁড় করিয়ে রেখে ‘অফিসারের কাছ থেকে টাকা নিয়ে আসছি’ বলে সেখান থেকে দ্রুত সটকে পড়ে। দীর্ঘ সময় অপেক্ষা করেও তাদের ফিরে না আসায় দুই বোনের সন্দেহ হয়। পরে আশপাশে খোঁজাখুঁজি করেও তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি।

ভুক্তভোগী শেরপুর পৌরসভার উত্তর সাহপাড়ার মৃত ওবেজ প্রামানিকের মেয়ে কাজলী বেগম ও রমিছা বেগম।

এ ঘটনায় দুপুরে শেরপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা।

কাজলী খাতুন বলেন, আমাদের সরলতার সুযোগ নিয়ে তারা টাকা দেওয়ার কথা বলে স্বর্ণের চেনটি নিয়ে পালিয়েছে। আমরা তাদের আগে কখনো দেখিনি।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মইনুদ্দিন জানান, ভুক্তভোগীদের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেছে। উপজেলা পরিষদ এলাকা সিসি ক্যামেরার আওতায় থাকায় ফুটেজ সংগ্রহ করে অভিযুক্তদের শনাক্তের চেষ্টা চলছে। দ্রুত তাদের আইনের আওতায় আনা হবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন