মনোহরগঞ্জে নবাগত ইউএনওর সঙ্গে উপজেলা বিএনপির সৌজন্য সাক্ষাৎ
কুমিল্লা (দক্ষিণ জেলা) প্রতিনিধি
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৪ পিএম
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় সদ্য যোগদান করা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত জাহানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব ইলিয়াস পাটোয়ারী ও সাধারণ সম্পাদক অধ্যাপক সরওয়ার জাহান ভূঁইয়া দোলনের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল এ সৌজন্য সাক্ষাতে মিলিত হন।
এ সময় বিএনপি নেতৃবৃন্দ নবাগত ইউএনও রিফাত জাহানকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং মনোহরগঞ্জে তাঁর দায়িত্ব পালনের জন্য শুভকামনা জানান।
সৌজন্য সাক্ষাৎকালে উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, প্রশাসনিক কার্যক্রমের গতিশীলতা, জনসাধারণের সেবাপ্রাপ্তি এবং এলাকার সার্বিক উন্নয়ন নিয়ে মতবিনিময় হয়। পাশাপাশি সাধারণ মানুষের কল্যাণে উপজেলা প্রশাসনের সঙ্গে সহযোগিতামূলকভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন বিএনপি নেতৃবৃন্দ।
নবাগত ইউএনও রিফাত জাহান বিএনপি নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে মনোহরগঞ্জ উপজেলার সার্বিক উন্নয়ন, জনসেবা নিশ্চিতকরণ ও সুশাসন প্রতিষ্ঠায় স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন।
এ সময় উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



