মাদারীপুরে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৬ এএম
মাদারীপুরে ঘরে ঢুকে আইভী আক্তার (১৮) নামে এক প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে সদর উপজেলার কালিকাপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আইভী কালিকাপুর এলাকার আসলাম শরীফের মেয়ে ও শরীয়তপুর শহরে কাতারপ্রবাসী মো. ফেরদৌসের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক অসচ্ছলতার কারণে আইভী ছোটবেলা থেকে তার চাচা কালাম শরীফের বাড়িতে থাকতেন। প্রায় ১ বছর আগে শরীয়তপুর শহরের বাসিন্দা কাতার প্রবাসী মো. ফেরদৌস নামে এক যুবকের সঙ্গে আইভির বিয়ে হয়। সম্প্রতি ফেরদৌস কাতারে পাড়ি জমায়। এ কারণে আইভী তার চাচা কালাম শরীফের বাড়িতে বেড়াতে আসেন।
এদিকে, মঙ্গলবার সন্ধ্যায় আইভির চাচা নামাজ পড়তে বাড়ির বাহিরে যান ও তার চাচি চিকিৎসার জন্য মাদারীপুর শহরে যান। এ সময় ফাঁকা বাড়িতে আইভিকে একা পেয়ে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। এ সময় দুর্বৃত্তরা ঘরে থাকা আইফোন নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে প্রেরণ করেন।
পুলিশ জানায়, দুষ্কৃতকারীরা সুযোগ বুঝে ঘরে ঢুকে আইভির মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুটি কারণে আইভিকে হত্যা করা হতে পারে। প্রথমত ঘাতকরা চুরির উদ্দেশ্যে আগে থেকে ঘরে ঢুকেছিল। দ্বিতীয়ত, পরকীয়ার জেরেও ঘাতক প্রেমিক ক্ষোভ থেকে তাকে হত্যা করতে পারেন।
এ ব্যাপারে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, নিহত আইভির মাথায় গুরুতর আঘাত করা হয়েছে। তাকে হত্যার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত করছে পুলিশ।



