Logo
Logo
×

সারাদেশ

ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত

Icon

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৩ পিএম

ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত

ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা

মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসন ও উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, ঈশ্বরগঞ্জের আয়োজনে প্রথমে একটি বর্ণাঢ্য র‍্যালী বের করা হয়। র‍্যালীটি উপজেলা পরিষদ চত্বরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হলরুমে গিয়ে শেষ হয়। 

পরে উপজেলা পরিষদ হলরুমে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান। 

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান বলেন, “বর্তমান শিক্ষা ব্যবস্থায় মানবিক মূল্যবোধের খুব অভাব রয়েছে। শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা অর্জন করলেই হবে না, আমাদের সন্তানদের মধ্যে মানবিক মূল্যবোধ ও নৈতিকতা গড়ে তুলতে হবে। তারা যেন মানুষের প্রতি সহানুভূতিশীল ও দায়িত্বশীল হয়ে বেড়ে উঠতে পারে, সেদিকে অভিভাবক, শিক্ষক ও সমাজের সবাইকে বিশেষভাবে নজর দিতে হবে।

সাক্ষরতা মানুষের জীবনকে আলোকিত করে এবং তাকে নিজের অধিকার ও দায়িত্ব সম্পর্কে সচেতন করে তোলে। তাই সমাজ থেকে নিরক্ষরতা দূর করার পাশাপাশি শিক্ষার গুণগত মান ও মানবিক মূল্যবোধ নিশ্চিত করাও জরুরি।” এ সময় বিভিন্ন ব্যক্তিবর্গ  বক্তব্য রাখেন। 

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ আহমেদ তার বক্তব্যে বলেন, “সাক্ষরতা শুধু অক্ষরজ্ঞান অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়। বরং ব্যক্তি, পরিবার ও সমাজের সামগ্রিক উন্নয়নের অন্যতম ভিত্তি হলো শিক্ষা। একটি শিক্ষিত ও সচেতন জনগোষ্ঠীই পারে দারিদ্র্য, বৈষম্য ও সামাজিক নানা সমস্যা মোকাবিলা করে একটি সমৃদ্ধ সমাজ গড়ে তুলতে। তাই ঝরে পড়া শিক্ষার্থী ও নিরক্ষর জনগোষ্ঠীকে শিক্ষার আওতায় আনতে সম্মিলিতভাবে কাজ করতে হবে।” 

আলোচনা সভায় বক্তারা বলেন, একটি দেশের টেকসই উন্নয়ন ও সমৃদ্ধির জন্য শতভাগ সাক্ষরতা নিশ্চিত করা জরুরি। বিশেষ করে ঝরে পড়া শিশু, সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী ও নিরক্ষর বয়স্কদের শিক্ষার আওতায় আনতে সরকারি-বেসরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক সচেতনতা বাড়াতে হবে। 

এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, জনপ্রতিনিধি, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন