নরসিংদীতে ছেলের ছুরিকাঘাতে পিতা নিহত আহত মা ও ভাই
নরসিংদী প্রতিবেদক
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১২ পিএম
নরসিংদীর শিবপুরে ছেলের ছুরিকাঘাতে আব্দুল বাছেদ মিয়া (৬৫) নামের এক পিতা নিহত হয়েছেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোরে উপজেলার পুটিয়া ইউনিয়নের ভরতের কান্দি পূর্বপাড়া গ্রামে নিজ বাড়িতে এ হত্যার ঘটনা ঘটে। এসময় আহত হয়েছে মা ও ভাই। এ ঘটনার পর পালিয়ে গেছেন অভিযুক্ত ছেলে শাকিল চৌধুরী (৩৫)। সে পেশায় রাজমিস্ত্রীর কাজ করে।
নিহত আব্দুল বাছেদ ভরতেরকান্দি (পূর্ব পাড়া) গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে।
পরিবারের সদস্যরা জানান, ছেলের সাথে পারিবারিক কোন বিরোধ ছিল না। বৃহস্পতিবার রাতে পিতাপুত্র একই কক্ষে ঘুমিয়ে ছিলেন। শুক্রবার ভোরে চিৎকার শুনে পাশের কক্ষে থাকা স্ত্রী সখিনা বেগম সহ পরিবারের সদস্যরা ওই কক্ষে গিয়ে দেখতে পান ছেলে শাকিল চৌধুরী তার পিতাকে পেটে ছুরিকাঘাত করছে। এ সময় বাধা দিতে গেলে মা সখিনা বেগম ও অপর ভাই নুরুন্নবী রাশেদকেও কুপিয়ে আহত করে পালিয়ে যায় শাকিল। এতে আব্দুল বাছেদ ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ।
নিহতের বড় মেয়ে হাফসা বেগম বলেন, সে আগে ও বিভিন্ন অপরাধ করে বেড়াতো, আমরা বিশ্বাস করিনাই। গতরাতে দুইজনে একসাথে ঘুমিয়েছে। আর সে ঘুমন্ত অবস্থায় বাবাকে ছুরিকাঘাতে হত্যা করেছে। তার সাথে আমাদের কোন ঝামেলা ছিলো না। সে কি কারণে হত্যা করছে তা আমরা বুঝতে পারছি। আমরা তার ফাঁসি চাই।
শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কোহিনুর মিয়া বলেন, আমরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছি। ছেলের সাথে বাবার কোন বিরোধ আছে কিনা ও হত্যার কারণ জানতে আমরা কাজ করছি। আর জড়িত ছেলেকে আটকের চেষ্টা চালানো হচ্ছে।



