Logo
Logo
×

সারাদেশ

রোগীর মৃত্যুকে কেন্দ্র করে শজিমেক হাসপাতালে স্বজন-ইন্টার্ন চিকিৎসকদের সংঘর্ষ, আহত ১২

Icon

বগুড়া অফিস

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৫ এএম

রোগীর মৃত্যুকে কেন্দ্র করে শজিমেক হাসপাতালে স্বজন-ইন্টার্ন চিকিৎসকদের সংঘর্ষ, আহত ১২

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে স্বজনদের সঙ্গে ইন্টার্ন ও মিড লেভেল চিকিৎসকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। ঘটনার পর নিরাপত্তাসহ কয়েকটি দাবিতে ইন্টার্ন চিকিৎসকেরা অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন।

মঙ্গলবার রাতে হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে এ ঘটনা ঘটে। ইন্টার্ন চিকিৎসকদের দাবি, ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু হয়েছে এমন অভিযোগ তুলে রোগীর স্বজন ও বহিরাগতরা তাঁদের ওপর হামলা চালান। এতে ছয়জন চিকিৎসক আহত হন। তাঁদের মধ্যে তিনজনের হাতের হাড় ভেঙেছে বলে দাবি করা হয়েছে।

অন্যদিকে রোগীর স্বজনদের অভিযোগ, ভুল ইনজেকশন দেওয়ায় রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে কথা বলতে গেলে ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে বাকবিতণ্ডার পর হাতাহাতি হয়। পরে তাঁদের সঙ্গে থাকা ছয়জনকে মারধর করে হাসপাতালের ভেতরে কয়েক ঘণ্টা আটকে রাখা হয় বলেও অভিযোগ করেন তাঁরা।

হাসপাতালের উপপরিচালক ডা. মঞ্জুর ই মুর্শেদ বলেন, একজন এজমা রোগীর মৃত্যুকে কেন্দ্র করে বহিরাগতদের হামলায় ইন্টার্ন ও মিড লেভেলের ছয়জন চিকিৎসক আহত হয়েছেন। তাঁদের মধ্যে তিনজন গুরুতর আহত। তবে পরিস্থিতি সামাল দিতে সিনিয়র ও মিড লেভেল চিকিৎসকদের সেবায় নিয়োজিত করা হয়েছে এবং হাসপাতালে চিকিৎসাসেবা চালু রয়েছে।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে ছয়জনকে উদ্ধার করে। তাঁদের মধ্যে চারজন হাসপাতালে চিকিৎসাধীন এবং দুজনকে থানায় নেওয়া হয়েছে। তিনি বলেন, এখনো কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন