যশোরে বাবাসহ ২ শিশু সন্তানের লাশ উদ্ধার
বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ পিএম
যশোরের শার্শা উপজেলায় দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে তাদের বাবা কামাল হোসেন (৪৫) আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকালে শার্শা থানাধীন চটকাপোতা দক্ষিণপাড়া গ্রামের মৃত নেদন আলীর ছেলে কামাল হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশু দুটিকে হত্যার পর তাদের বাবা আত্মহত্যা করেছেন। তবে ঘটনার প্রকৃত কারণ ও শিশু দুটির মৃত্যুর বিষয়টি তদন্তাধীন রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কামাল হোসেনের একাধিক স্ত্রী ছিলেন। তার মোট সাতজন সন্তান রয়েছে বলে জানা গেছে। আগের দুই স্ত্রীর সঙ্গে তার বিচ্ছেদ হয়েছে। সর্বশেষ স্ত্রীও পারিবারিক কলহের জেরে প্রায় এক সপ্তাহ আগে দুই সন্তানকে রেখে নড়াইলে বাবার বাড়িতে চলে যান বলে স্থানীয়রা জানিয়েছেন। এরপর পাঁচ বছরের সাবির ও প্রায় আড়াই বছরের জাবির বাবার সঙ্গে বাড়িতে ছিল।
মঙ্গলবার দুপুরে বাড়ি থেকে শিশু দুটির লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে শিশু দুটিকে গলায় ফাঁস দিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। একই সময়ে কামাল হোসেন বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
খবর পেয়ে শার্শা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনের লাশ উদ্ধার করে। পরে শিশু দুটির মৃত্যু এবং কামাল হোসেনের আত্মহত্যার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করে পুলিশ।
শার্শা থানার ওসি শামিনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কামাল হোসেন আত্মহত্যা করেছেন। একই ঘটনায় দুই শিশুর মৃত্যুর বিষয়টি তদন্ত করা হচ্ছে। শিশু দুটির মৃত্যু কীভাবে হয়েছে এবং ঘটনার প্রকৃত কারণ কী, তদন্ত শেষে তা নিশ্চিত হওয়া যাবে।



