কলমাকান্দায় বেশি দামে সার বিক্রি, দুই ডিলারকে ৬০ হাজার টাকা জরিমানা
কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ০৭:২৫ পিএম
নেত্রকোনার কলমাকান্দায় নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি ও বিক্রিতে অনিয়মের অভিযোগে দুই সার ডিলারকে ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (৩০ আগস্ট) বিকেলে উপজেলার সদর ইউনিয়নে সার ডিলারদের কার্যক্রম তদারকির সময় এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানে মেসার্স মেহেদী এন্টারপ্রাইজের বিএডিসি সার ডিলারকে ১০ হাজার টাকা এবং মেসার্স হাবিবুর রহমানের বিসিআইসি সার ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সামছুজ্জামান আসিফ। অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাইফুল ইসলাম ও পুলিশের একটি দল সহযোগিতা করে।
সহকারী কমিশনার (ভূমি) সামছুজ্জামান আসিফ বলেন, ‘কৃষকদের স্বার্থে সার বিক্রিতে অনিয়ম ও নির্ধারিত মূল্যের বেশি দামে সার বিক্রির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। অনিয়ম পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’



