সৌদিতে অগ্নিকাণ্ড: নওগাঁয় একই মাঠে অনুষ্ঠিত হবে ৭ প্রবাসীর জানাজা
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, ০৯:৫১ এএম
সৌদি আরবের রিয়াদের অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মধ্যে ৭ জনের মরদেহ নওগাঁর আত্রাই উপজেলায় এসে পৌঁছেছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত দেড়টার দিকে মরদেহগুলো আত্রাই থানা চত্বরে এসে পৌঁছায়। শুক্রবার (২৮ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলা সদরের মোল্লা আজাদ মেমোরিয়াল কলেজ মাঠে ৭ মরদেহের একত্রে জানাজা অনুষ্ঠিত হবে।
এর আগে বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল ৪টা ৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ‘বিজি-৪৩০’ ফ্লাইটে মরদেহগুলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। এ সময় নিহতদের স্বজনদের পাশাপাশি বিমানবন্দরে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। প্রবাসী কল্যাণমন্ত্রী জানান, বাকি ৭ জনের মরদেহও দ্রুত দেশে আনা হবে।
আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান জানান, নিহতের পরিবারগুলোর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ করা হচ্ছে। প্রয়োজনীয় কাগজপত্র সৌদি আরবে প্রেরণ করাও হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে সমন্বয় করে অ্যাম্বুলেন্স ভাড়া করে মরদেহগুলো বিনা খরচে নিয়ে আসা হয়েছে। এখন পর্যন্ত পরিচয় শনাক্ত হওয়া নওগাঁর আত্রাই উপজেলার ৭ জনের মরদেহ এসেছে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালায়ের বরাত দিয়ে ইউএনও আরও জানান, সৌদি আরবের অগ্নিকাণ্ডের নিহতের ঘটনায় শুরুতে নওগাঁর আত্রাই উপজেলার ১৩ জন নিহতের খবর পাওয়া গেলেও বর্তমানে আত্রাই উপজেলার ১১ জন এবং নওগাঁ সদর উপজেলার একজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আরও জানান, শুক্রবার (২৮ আগস্ট) সকাল ১০টার দিকে আত্রাই উপজেলা সদরের মোল্লা আজাদ মেমোরিয়াল কলেজ মাঠে ৭ মরদেহের একত্রে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর সেখান থেকে পরিবারের সদস্যদের কাছে মরদেহ বুঝিয়ে দেয়া হবে। নিহতদের পরিবারের সঙ্গে কথা বলেই জেলা ও উপজেলা প্রশাসন এ উদ্যোগ গ্রহণ করেছে।
প্রসঙ্গত, গত ৯ আগস্ট রিয়াদের একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ১৬ জন বাংলাদেশি প্রাণ হারান। পরবর্তীতে আঙুলের ছাপ (ফিঙ্গার প্রিন্ট) পরীক্ষার মাধ্যমে তাদের মধ্যে ৯ জনের পরিচয় নিশ্চিত হওয়ার পর মরদেহগুলো দেশে পাঠানো হলো।
শনাক্ত হওয়া ৯ জনের মধ্যে সাতজনেরই বাড়ি নওগাঁর আত্রাই উপজেলায়। তারা হলেন— উদনপৈ গ্রামের মো. ফরিদ, গণ্ডগোহালী গ্রামের রুবেল প্রামাণিক, কলিমউদ্দিন ইসলাম, মোহন আলী ও তার ছোট ভাই সুমন আলী, ডুবাই গ্রামের সোহেল রানা ও পারকাসুন্দা গ্রামের আব্দুল জলিল সরকার। এ ছাড়া নাটোরের নলডাঙ্গার মহিষডাঙ্গা গ্রামের রবিউল ইসলাম ও রাজশাহীর বাগমারা উপজেলার মরুগ্রামের শ্যামল উদ্দিনের মরদেহ দেশে পৌঁছেছে।



