গাজীপুরে ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন চার ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
যুগের চিন্তা ২৪ অনলাইন
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ১১:৩২ এএম
গাজীপুরের কোনাবাড়ীতে ঝুটের গোডাউনে লাগা আগুন প্রায় চার ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার (২৭ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে দেউলিয়াবাড়ি এলাকার একটি গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। সকাল সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় আশপাশের আরও ১২টি গোডাউন পুড়ে গেছে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, বিপুল পরিমাণ ঝুট ও দাহ্য মালামাল মজুত থাকায় আগুন দ্রুত ভয়াবহ আকার ধারণ করে। খবর পেয়ে স্থানীয়রা প্রাথমিকভাবে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে কোনাবাড়ী ফায়ার স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। আগুনের তীব্রতা বাড়ায় সারাবো ফায়ার স্টেশনের আরও তিনটি ইউনিট যোগ দেয়। দীর্ঘ সময় ধরে ছয়টি ইউনিট একসঙ্গে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সাইদুল আলম চৌধুরী জানান, প্রায় চার ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিরূপণ করা যায়নি। তদন্ত শেষে প্রকৃত ক্ষতির হিসাব জানা যাবে।
স্থানীয়রা জানিয়েছেন, পাশাপাশি থাকা প্রায় ১২টি গোডাউন ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব গোডাউনে বিপুল পরিমাণ ঝুট ও অন্যান্য মালামাল মজুত থাকায় ব্যবসায়ীদের বড় ধরনের আর্থিক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। তবে এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন লাগার সুনির্দিষ্ট কারণ তদন্ত শেষে নিশ্চিত করা হবে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক ত্রুটি বা শর্টসার্কিটের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।



