কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু, নিখোঁজ ১
কক্সবাজার প্রতিবেদক
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ০৪:৫৩ পিএম
কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে এক পর্যটকের মৃত্যু হয়েছে। এ সময় ঢেউয়ের টানে নিখোঁজ হয়েছে অপর এক পর্যটক।
বুধবার (২৬ আগস্ট) দুপুর আড়াইটার দিকে কক্সবাজার সমুদ্র সৈকতের জল তরঙ্গ সংলগ্ন সাগরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন সৈকতে কক্সবাজার জেলা প্রশাসনের নিয়োজিত কর্মী মাহবুব আলম।
এতে নিহত পর্যটক ইয়াছিন খান (২৫) রাজধানী ঢাকার কুড়িল চৌরাস্তার বাসিন্দা। নিখোঁজ রয়েছেন, মোহাম্মদ ইব্রাহিম খান (২৭)। দুজনই আই জেট কেপি কোম্পানি কর্মরত ছিলেন বলে জানা গেছে।
সৈকতে কক্সবাজার জেলা প্রশাসনের নিয়োজিত কর্মী মাহবুব আলম জানান, ২২ ও ২৪ তারিখে পর্যায়ক্রমে প্রায় ১১০ জনের একটি গ্রুপ কক্সবাজারে আসে এবং বর্তমানে তারা হোটেল বিস্তা বে-তে অবস্থান করছেন। যার মধ্যে জল তরঙ্গের সামনে দুইজন পর্যটক পানিতে ভেসে যাওয়ার ঘটনা ঘটে। এসময় ইয়াছিন খানকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিখোঁজ অপরজনের উদ্ধারে কাজ করছেন লাইফ গার্ড ও ফায়ার সার্ভিস।
লাইফ গার্ডের তথ্য মতে, গত এক বছরে সমুদ্র সৈকতে গোসলে নেমে ২৬ পর্যটকের মৃত্যু হয়েছে। নিখোঁজ হয়েছে ২ জন।



