কক্সবাজার সাগরে বোট ডুবি, একদিন পরও মেলেনি নিউজিল্যান্ডের কিশোরের খোঁজ
কক্সবাজার প্রতিবেদক
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ০৩:৩০ পিএম
কক্সবাজার শহরের বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন নাজিরারটেক এলাকাবর্তী সাগরে বোট ডুবিতে নিখোঁজ থাকা নিউজিল্যান্ডের নাগরিক কিশোরটির একদিন পরও সন্ধান মিলেনি।
তবে কোস্ট গার্ড ও নৌবাহিনীর সংশ্লিষ্টরা জানিয়েছেন, নিখোঁজের সন্ধানে সাগরের বিভিন্ন এলাকায় উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।
বুধবার দুপুরে এ তথ্য জানান কক্সবাজার সদর থানার ওসি শেখ মোহাম্মদ আলী।
ঘটনায় এখনো নিখোঁজ রয়েছে আলবার্ট (১৬) নামের নিউজিল্যান্ডের নাগরিক এ কিশোর।
এর আগে, মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন নাজিরারটেক এলাকাবর্তী সাগরে ভ্রমণের সময় বোট ডুবির ঘটনা ঘটে। এসময় স্থানীয় জেলেরা নিখোঁজ কিশোরটির বাবা জন এডওয়ার্ড (৭৪), মা বেলা (৩৬) ও ভাই রালফ (১৩) কে জীবিত উদ্ধার করেছিলেন। পরে তাদের কোস্টগার্ড কক্সবাজার স্টেশনে হস্তান্তর করা হয়।
তারা সবাই নিউজিল্যান্ডের নাগরিক ও একই পরিবারের সদস্য।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, সাগরপথে নিউজিল্যান্ডের নাগরিক পরিবারটির চার সদস্য নিজেদের তৈরি বোট নিয়ে কক্সবাজার ঘুরতে এসেছিলেন। গত ৮ এপ্রিল রাতে মহেশখালী উপজেলার কুতুবজোম উপকূলে ডাকাতির শিকার হয়েছিলেন। এরপর থেকে পরিবারটির সদস্যরা কোস্ট গার্ডের হেফাজতে ছিলেন।
মোহাম্মদ আলী জানান, ঘটনার পর থেকে নিখোঁজের সন্ধানে কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের ডুবুরি দলের পাশাপাশি নৌবাহিনীর জাহাজ শাপলা এবং দ্রুতগতির বোট উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে। কিন্তু একদিন পরও (বিকাল পৌনে ৩টা পর্যন্ত) তার সন্ধান মিলেনি। সাগরের সম্ভাব্য বিভিন্ন এলাকায় সংশ্লিষ্টদের উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।
নিউজিল্যান্ডের উদ্ধার একই পরিবারের ৩ সদস্য এখন পুলিশ হেফাজতে রয়েছে বলে জানান ওসি।



