বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে অজ্ঞাত একটি যানবাহনের ধাক্কায় মোছা. আলতাফুন্নেসা (৬৭) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় তার ছেলে ও নাতি আহত হয়েছেন। বুধবার (২৬ আগস্ট) ভোরে উপজেলার ঘোগা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলতাফুন্নেসা জয়পুরহাটের শেখপাড়া দেবীপুর সড়ক এলাকার বাসিন্দা। আহতরা হলেন তার ছেলে মো. মাহমুদ (৫০) ও নাতি মো. সোহাগ (৩৬)।
পুলিশ ও স্বজনদের সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে আলতাফুন্নেসা তাঁর ছেলে ও নাতিকে সঙ্গে নিয়ে একটি ভাড়াচালিত প্রাইভেটকারে ঢাকা থেকে জয়পুরহাটের উদ্দেশে রওনা হন। বুধবার ভোর আনুমানিক ৪টার দিকে প্রাইভেটকারটি শেরপুর উপজেলার ঘোগা ব্রিজে ওঠার সময় পেছন দিক থেকে অজ্ঞাত একটি যানবাহন সেটিকে সজোরে ধাক্কা দেয়। পরে যানবাহনটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
ধাক্কায় প্রাইভেটকারে থাকা আলতাফুন্নেসা, তাঁর ছেলে মাহমুদ ও নাতি সোহাগ গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় তাঁদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আলতাফুন্নেসার মৃত্যু হয়। আহত মাহমুদ ও সোহাগ বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক আইয়ুব আলী জানান, দুর্ঘটনার পর ঘাতক যানবাহনটি পালিয়ে গেছে। সেটি শনাক্ত ও আটকের জন্য পুলিশ চেষ্টা চালাচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।



